এশিয়া কাপের ফাইনালে আর কিছুক্ষণের মধ্যেই খেলতে নামবে বাংলাদেশ। আমি মনে করি এটা বাংলাদেশের ক্রিকেটের এক বিরাট উপলক্ষ্য। বাংলাদেশ দলের খেলোয়াড়দের ক্যারিয়ারে এরচেয়ে বড় উপলক্ষ্য আর এসেছে কি-না সন্দেহ। তবে ব্যাপারটিকে চাপ নয়, নির্ভার থেকে উপভোগ করার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সাফল্যের অনুসঙ্গ।আমি তো মনে করি আজকের ম্যাচে বাংলাদেশের চেয়েও বেশি চাপে আছে পাকিস্তান। বাংলাদেশের হারাবার কিছু নেই। এশিয়া কাপের ফাইনালে উঠেই তারা দেশের মানুষকে অনেক বড় সাফল্য উপহার দিয়েছে। একইসঙ্গে অসাধারণ ধারাবাহিকতার স্বাক্ষর রেখে কাপ জয়ের দাবিটাকে কিন্তু জোরালো করেছে। পাকিস্তানের ব্যাপারটি কিন্তু তেমন নয়। তাঁদের খেলতে হবে সম্পূর্ণ বৈরী একটি পরিবেশ। ২৫ হাজার দর্শকের বিরুদ্ধে। ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতে তারা ৩২৯ রানর করেও হেরেছে। সেই ব্যর্থতাটি কিন্তু তাদের অবচেতন মনে কিছুটা হলেও প্রভাব বিস্তার করবে।বাংলাদেশ দলের খেলোয়াড়দের যতোটুকু চিনি, এরা এত বড় উপলক্ষ্যেও মাথা ঠান্ডা রাখতে জানে। আজকের ম্যাচে মাথা ঠান্ডা রাখার কোনো বিকল্প নেই। মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা তারা করবেই-এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই সর্বোচ্চটা যদি তাঁরা নির্ভার হয়ে উপভোগ করে দিতে পারে, তাহলে সাফল্য এমনিতেই ধরা দেবে বলে আমি মনে করি।এশিয়া কাপ জয়ের মঞ্চ তৈরিই আছে। শুধু নিজেদের প্রচেষ্টাটা একটু বাড়িয়ে সেই মঞ্চের দখল নিতে হবে। অনেক দূরতো তাঁরা এসেছে। আমাদের প্রত্যাশার বাইরেও অনেক কিছু বাংলাদেশ দল আমাদের উপহার দিয়েছে। এতদিন ধরে স্বপ্ন দেখছি। স্বপ্নের দৈর্ঘ্যটা আরেকটু বাড়াই। সাকিব-মুশফিক-তামিম-মাশরাফিরা একশ ভাগের একটু বেশিই ঢেলে দিক মাঠে।