লিগ শিরোপার আশা প্রায় শেষ! বার্সেলোনার সব মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখার দিকে। আর এ পথে আজই তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার দিন। শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে জিতে শেষ আটে বলতে গেলে উঠেই গেছে পেপ গার্দিওলার দল। আজ ফিরতি লেগ যেন তাদের জন্য আনুষ্ঠানিকতার মঞ্চ!আসলেই তাই। বার্সেলোনার স্বপ্ন গুঁড়িয়ে দিতে বেয়ার লেভারকুসেনকে জিততে হবে বড় ব্যবধানে। বার্সার জালে বল জড়াতে হবে অন্তত তিনবার! ন্যু ক্যাম্পে এসে লেভারকুসেন এই অসাধ্য সাধন করবে, ইতিহাস তা বলে না। গার্দিওলার দল চ্যাম্পিয়ন লিগে অপরাজিত সর্বশেষ ১৩ ম্যাচে। গোল করেছে সর্বশেষ ২৮ ম্যাচেই। সর্বশেষ আট ম্যাচেই অন্তত দুটি করে গোল করেছে, শেষ চার ম্যাচে করেছে ১৪ গোল!শুধু তা-ই নয়, চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ ১৬ ম্যাচে অপরাজিত বার্সা, জিতেছে এর ১৩টিতেই। সর্বশেষ হারটি অবশ্য এই লেভারকুসেনের বিপক্ষেই। সেটি ১০ বছরেরও আগের কথা। ওই জয় থেকে নিশ্চয়ই অনুপ্রেরণা নিতে চাইবে লেভারকুসেন। কিন্তু সাম্প্রতিক ইতিহাস আবার জল ঢেলে দিচ্ছে তাতে। চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ১৪টি ম্যাচে কোনো জয় নেই। প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ১৯টি ম্যাচের একটিতেও নিজেদের জাল নিশ্ছিদ্র রাখতে পারেনি, উল্টো গোল খেয়েছে ৪৬টি!মেসি-জাভি-ইনিয়েস্তা-পেদ্রোদের গোলবঞ্চিত রাখার কাজটা আরও কঠিন বলেই প্রমাণিত এতে। অন্যদিকে ন্যু ক্যাম্পে বার্সেলোনার রক্ষণদুর্গ ভেদ করা কতটা কঠিন, সেটা স্পষ্ট হয়ে যায় এই তথ্যে—এবারের লিগে ঘরের মাঠে ১৩ ম্যাচে বার্সেলোনা গোল খেয়েছে মাত্র পাঁচটি! গ্রুপ পর্বের তিনটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে খেয়েছে দুই গোল। তবে কাজটা প্রায় অসম্ভব জেনেও আশা ছাড়ছেন না লেভারকুসেনের স্ট্রাইকার স্টেফান কিয়েসলিং, ‘আমাদের সবার কাছেই পরিষ্কার, এটা কঠিন পরীক্ষা। তবে যেমন বলা হয়, শেষের আগে কোনো কিছুই শেষ নয়। আমরা অপেক্ষায় থাকব এবং দেখব কী ঘটে।’অ্যাপোয়েল নিকোসিয়া দেখছে ইতিহাস গড়ার স্বপ্ন। সাইপ্রাসের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দিকে দৃষ্টি তাদের। স্বপ্নপূরণ করতে হলে নিজেদের মাঠে গড়তে হবে ইতিহাস। চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাবের বিপক্ষে তিন ম্যাচে কোনো জয় নেই। কোনো গোলও করতে পারেনি। অথচ অলিম্পিক লিওঁকে হারাতে হবে কমপক্ষে দুই গোলের ব্যবধানে। প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে আছে লিওঁ। আজ তাই একই ব্যবধানে জিতলেও অ্যাপোয়েলের সম্ভাবনা থাকবে। সে ক্ষেত্রে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও মীমাংসা না হলে টাইব্রেকার। রয়টার্স ও এএফপি।