নির্ভার ভারত, বিপন্ন অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট শুরুর আগে যদি কেউ বলত, অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে, জর্জ বেইলি নিশ্চিতই অবিশ্বাস্যের চোখে তাকাতেন! যে দল নিয়ে এসেছেন সেটা আগে থেকে শিরোপা দিয়ে দেওয়ার মতো না হলেও অন্যতম ফেবারিট তো অবশ্যই। অথচ এরাই পরপর দুই ম্যাচ হেরে এখন খাদের কিনারায়।
বেইলির দলকে এখন তাই সত্যিই বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে! মিরপুরে আজ প্রথম ম্যাচটায় যদি বাংলাদেশ হেরে যায় পাকিস্তানের কাছে, ভারত-অস্ট্রেলিয়া পরের ম্যাচটা তখন নিয়ম রক্ষার ম্যাচ হয়ে যাবে। ১ এপ্রিলের পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা তখন হয়ে যাবে অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’। ওই ম্যাচের জয়ী দল এই গ্রুপ থেকে ভারতের সঙ্গী হবে সেমিফাইনালে।
বাংলাদেশ জিতে গেলে অবশ্য ক্ষীণ হলেও বেঁচে থাকবে অস্ট্রেলিয়ার আশা। তখন নিজেদের বাকি দুটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে। ওই ম্যাচে পাকিস্তান জিতলে তারপর আসবে রানরেটের হিসাব-নিকাশ।
কঠিন হয়ে ওঠা সমীকরণটা যে অস্ট্রেলিয়ারও অজানা নয় তা পরশু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারের পর সংবাদ সম্মেলনে বুঝিয়ে দিলেন বেইলি, ‘এখনো আমরা হিসাব-নিকাশ করতে বসিনি। তবে আমি বুঝতে পারছি পরিস্থিতি কতটা কঠিন হয়ে গেছে আমাদের জন্য। টুর্নামেন্ট শুরুর আগে আমরা ভেবেছিলাম একটা হারে হয়তো খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু দুটি হারের ক্ষতি সামলাতে পারব কি না আমি নিশ্চিত নই।’
শেষ চারে খেলা নিয়ে অস্ট্রেলিয়া এখন যতটুকু অনিশ্চিত, ঠিক ততটাই নিশ্চিন্ত ও নির্ভার ভারত। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সফরের পর এশিয়া কাপেও ব্যর্থতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিটের তকমা ছিল না তাদের গায়ে। তার ওপর আবার আইপিএল কেলেঙ্কারিতে তোলপাড় ভারতীয় ক্রিকেট। সেসব বিতর্ক দূরে সরিয়ে রেখে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় আজ ভারত পাচ্ছে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষারও সুযোগ। কাল অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসে সেই আভাসই দিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে একেবারে গা-ছাড়া হয়ে যেতেও রাজি নন তাঁরা, ‘প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেটা সেমিফাইনালে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে যাওয়ার জন্যও।’