নির্ভার লিওঁকে বায়ার্নের সমীহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দল মুখোমুখি হয়েছে ৬টি ম্যাচে। বায়ার্ন মিউনিখ জিতেছে দুটি, লিওঁ জিতেছে দুটি, ড্র হয়েছে দুটি। কী অদ্ভুত সমতা!আজ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে দুই দল মুখোমুখি হওয়ার আগে তাই পরিসংখ্যান দিয়ে আন্দাজ করা কঠিন—কোন দল এগিয়ে। কিছু তথ্যকণিকা আপনার কাজে আসতে পারে: ফরাসি দলগুলোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ আট ম্যাচের মাত্র একটাই জিতেছে বায়ার্ন। এই মৌসুমেও গ্রুপ পর্বে আরেক ফরাসি দল বোর্দোর বিপক্ষে ঘরে-বাইরে দুটো ম্যাচেই হেরেছে। অন্যদিকে লিওঁ চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচের ৬টিই জিতেছে, হেরেছে মাত্র একটি।এটুকু পড়ে আজ লিওঁকেই ফেবারিট ঘোষণা করবেন না। ওপরে একটা গুরুত্বপূর্ণ তথ্যই দেওয়া হয়নি। ফরাসি দলগুলোর বিপক্ষে বায়ার্নের একমাত্র জয়টা লিওঁর বিপক্ষেই। অর্থাৎ, গত সাত ম্যাচে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে লিওঁর একমাত্র পরাজয়টা এই বায়ার্নের কাছেই।পরিসংখ্যানকেই যদি সাক্ষী মানতে হয় তো এবার বায়ার্নকে শুধু সেমিফাইনালে কেন, চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী হিসেবেও ঘোষণা করে দিতে পারেন। ইউরোপ-সেরার লড়াইয়ের সেমিফাইনালে বায়ার্ন সর্বশেষ কোনো ফরাসি দলের মুখোমুখি হয়েছিল সেই ১৯৭৫ সালে। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা।বায়ার্নের পক্ষে আর লিওঁর বিপক্ষে আছে আরও একটি পরিসংখ্যান। নিজেদের ষাট বছরের ইতিহাসে এই প্রথম ইউরোপ-সেরার লড়াইয়ের সেরা চারে উঠল লিওঁ। সেমিফাইনাল কী বস্তু, সেটি এখনো তাদের কাছে অজানাই। ইতিহাসের সঙ্গে লিওঁর পথে কাঁটা বিছিয়েছে বর্তমানও! আইসল্যান্ডের আগ্নেয়গিরি বাদ সেধেছে তাদের বিমানযাত্রায়। ৭৫০ কিলোমিটারের বাসযাত্রার ধকলও আজ সঙ্গী তাদের। বুন্দেস লিগায় আগের ম্যাচেই হ্যানোভারকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া বায়ার্ন কিন্তু তার পরও সতর্ক। দলের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলছেন, ‘আমরা লিওঁকে মোটেই খাটো করে দেখছি না। গ্রুপ পর্বে লিভারপুল আর শেষ ষোলোতে ওরা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়ে এখানে এসেছে।’আরিয়েন রোবেন লিগে সদ্যই হ্যাটট্রিক করেছেন। ইভিসা ওলিচও করেছেন জোড়া গোল। অবশ্য কোচ লুই ফন গালের মূল অস্ত্র ফ্রাঙ্ক রিবেরিই। এই ফরাসি উইঙ্গারও নিজ দেশের ক্লাবটিকে দেখছেন সমীহের চোখে। ফন গালও মানছেন, ‘ওরা খুবই সুসংগঠিত, খুবই আক্রমণাত্মক এবং শারীরিকভাবে খুবই শক্তিশালী। দ্রুত প্রতি আক্রমণে আসতে পারে, এমন খেলোয়াড় ওদের আছে। ওদের সব খেলোয়াড়ই ভালো ড্রিবলার।’বোঝাই যাচ্ছে, লিওঁকে সমীহ করছে বায়ার্ন। তবে ছয় বছর পর প্রথম ফরাসি দল হিসেবে সেরা চারে উঠে আসা ক্লাবটিও জানে, তাদের জন্য কাজটা কত কঠিন। তবে বড় একটা শক্তিও এটাই—হারানোর কিছু নেই ভেবে নির্ভার হয়ে মাঠে নামা। এএফপি, রয়টার্স।