নির্ভার ‘কালো তারা’র দল!
এবারের বিশ্বকাপের এক অপার বিস্ময় কালো তারার দল ঘানা। হ্যাঁ কালো তারাই। সবাই আদর করে দলটিকে এ নামেই ডাকে। এই কালো তারার দলই এখন নতুন এক স্বপ্নে বিভোর। সেই স্বপ্ন বিশ্বকাপে এক নতুন ইতিহাস গড়ার। সেই ইতিহাস বিশ্বের দরবারে নতুন করে নিজেদের তুলে ধরার, নিজেদের অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার। নিজেদের ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে ঘানার খেলোয়াড়েরা আগামীকাল উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালকে দেখছে অনাবিল এক আনন্দের উপলক্ষ হিসেবেই। ২০ বছর পর দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার গৌরবকে উত্সবে রাঙিয়ে স্মরণীয় করে রাখার প্রত্যয়ই এখন ঘানাইয়ান খেলোয়াড়দের চোখে-মুখে।কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে নির্ভারই দেখাচ্ছে এ দুর্দান্ত দলটিকে। কোনো চাপ নেই, আনন্দ, ফূর্তি আর আমোদ-প্রমোদের মধ্য দিয়ে এ বর্ণিল সময়কে উপভোগই করছে দলের খেলোয়াড়েরা। ঘানার অধিনায়ক স্টিফেন আপিয়াহর বেশ লাগছে সময়টাকে। তিনি জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে যে দলটি নির্ভার থাকতে পারে, মাঠের লড়াইয়ে তারা ভালো করবেই এ ব্যাপারে আত্মবিশ্বাসী হওয়াই যায়। ২৯ বছর বয়সীয়, ইতালীয় ক্লাব বোলোগনার এই মিডফিল্ডার ঘানার এবারের দলটি দেশটির ফুটবল ইতিহাসের এক ‘বিশেষ দলে’রই মর্যাদা দিয়ে দিয়েছেন।‘একবার খেলোয়াড়দের দিকে তাকিয়ে দেখুন। কোনো উত্কণ্ঠা নেই, এরা ভয় পাচ্ছে না, শান্ত, সৌম্য, স্থিতধি মানসিকতায় সময়টাকে উদ্যাপন করছে দলটি। আমার খেলোয়াড়ী জীবনের ঘানার সবচেয়ে বিশেষ দলের মর্যাদা দেব আমি এ দলটিকে।’ ফিফা ডট কমকে এমনটাই বলেছেন আপিয়াহ।আপিয়াহ জানিয়েছেন, উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ঘানার কাছে এক আনন্দের উপলক্ষই। এ নিয়ে এখনই মাথায় চাপ নিতে চান না আপিয়াহ। তিনি বলেছেন, ‘আপনি কোনো ব্যাপার নিয়ে বেশি চিন্তা করলে দেখবেন, ব্যাপারটি জটিল হচ্ছে। কোনো খেলা নিয়ে বেশি ভাবলে, মাঠে তার প্রভাব পড়তে পারে। অতএব নির্ভার থেকে ভালো করাই আমাদের লক্ষ্য।’এবারের বিশ্বকাপের অন্যতম তারুণ্যনির্ভর দল এই ঘানা। তরুণ এই দলটির অভিজ্ঞ অধিনায়ক আপিয়াহ আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাসের পাতায় ঘানার নাম লেখাতে চান। আপিয়াহ বলেন, ‘বিশ্বকাপে আফ্রিকার প্রসঙ্গ এলেই সবাই ক্যামেরুনকে নিয়ে কথা বলে, সেনেগালকে নিয়ে বলে এবার সত্যি সত্যিই আমাদের পালা এসেছে। ঘানা ইতিহাস গড়ে সবার সামনে দৃষ্টান্ত তৈরি করতে চায়।’ইতিহাস দিব্যদৃষ্টিতেই দেখছে কালো তারার দল। এই ইতিহাস গর্বের আর ফুটবলীয় কৃতিত্বের।