নির্ভীক তুরস্কের বার্সেলোনা
লিগ শিরোপার আশা একরকম ছেড়ে দেওয়া রিয়ালের চ্যাম্পিয়নস লিগই এখন ধ্যানজ্ঞান। প্রতিপক্ষ অবশ্য বড় নাম নয়। ড্র-ভাগ্য হোসে মরিনহোর দলের প্রতিপক্ষ বানিয়েছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে। অনেকে তো লড়াইয়ের আগেই রিয়ালকে দেখতে পাচ্ছেন সেমিফাইনালে! তাদের যুক্তি, ‘পুঁচকে’ গ্যালাতাসারাই রিয়ালের সামনে কোনো বাধাই হতে পারবে না। কিন্তু রিয়াল তা মনে করে না। বরং ‘পচা শামুকে পা কাটার ভয়ে’ সতর্ক রিয়াল। মরিনহো তো কবেই বলে দিয়েছেন, গ্যালাতাসারাইকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।রিয়াল কোচের যুক্তিও অকাট্য—হাওয়ায় ভেসে নয়, মাঠের পারফরম্যান্স দিয়েই ইউরোপের সেরা ক্লাবগুলোকে টপকে কোয়ার্টার ফাইনালে গ্যালাতাসারাই। সুতরাং সাবধান। আকারে-ইঙ্গিতে রিয়ালকে চোখ রাঙাচ্ছেও গ্যালাতাসারাই।রিয়াল-গ্যালাতাসারাইয়ের দ্বৈরথের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হবে—মরিনহো বনাম তাঁর সাবেক তিন শিষ্যের লড়াই। দুই শিষ্য আবার রিয়ালেরই একসময়ের ‘ঘরের ছেলে’ হামিত আলটিনটপ ও ওয়েসলি স্নাইডার। এই দুজনের পাশে আছেন দিদিয়ের দ্রগবাও। আলটিনটপ ও স্নাইডারের জন্য তো বুধবারের প্রথম লেগ নিয়ে আসছে অন্য রকম রোমাঞ্চ। ২০০৯ সালে মরিনহোর শিষ্য হয়ে ইন্টার মিলানে যাওয়ার আগে স্নাইডার দুই বছর কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। আলটিনটপের বার্নাব্যু স্মৃতি তো আর টাটকা। গত মৌসুমেই খেলেছেন রিয়ালে।বছর না ঘুরতেই ৩০ বছর বয়সী মিডফিল্ডার বার্নাব্যুতে যাচ্ছেন প্রতিপক্ষ হয়ে। কণ্ঠেও প্রতিদ্বন্দ্বিতার আঁচ। গ্যালাতাসারাইকে তুরস্কের বার্সেলোনা দাবি করে আলটিনটপ সাবেক ক্লাবকে দিয়ে রাখলেন হুমকিই, ‘আশা করি, রিয়াল মাদ্রিদ সমর্থকেরা সত্যিকার আলটিনটপকেই দেখবে। অবশ্যই আমাদের সুযোগ আছে। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আমি অনেক ম্যাচই খেলেছি, যেখানে আমরা ফেবারিট হয়েও হেরেছি। প্রথম লেগটাই হবে আসল। আমরা যদি টিকে থাকি, ঘরের মাঠে ঠিকই ম্যাচটা শেষ করতে পারব। ইস্তাম্বুলে যেকোনো কিছুই সম্ভব। দল হিসেবে আমরা পাসিং ফুটবল খেলি, বল পায়ে থাকলে যারা চিন্তামুক্ত। আমরা তুরস্কের বার্সেলোনা। দলের সবচেয়ে ভালো দিকটা হলো, আমরা তিনটা পদ্ধতিতে খেলতে পারি। বার্নাব্যুতে আমরা আক্রমণাত্মক খেলব।’ ওয়েবসাইট।