নির্লিপ্ত সেরেনা
উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস এবারের আসরে নিজের পক্ষে বাজি ধরতে একেবারেই রাজি নন। এমনকি তিনি তাঁর বোন ভেনাসের পক্ষেও বাজি ধরবেন না বলে জানিয়েছেন। ‘অল-উইলিয়াম’ ফাইনাল হবে কি হবে না—সেটাকেও তিনি ভবিতব্যের ওপরই ছেড়ে দিয়েছেন।নিজেদের সম্ভাবনা নিয়ে উইলিয়াম বোনদের অন্যতম সেরেনার নির্লিপ্ততার যথেষ্টই কারণ রয়েছে। গত উইম্বলডন জয়ের পর তিনি নিজেও আর আদৌ টেনিস খেলতে পারবেন কি না—তা নিয়ে সংশয়ে ছিলেন। কাচের আঘাতে পা কেটে যাওয়া এবং এরপর ফুসফুসের সমস্যার কারণে সেরেনা দাঁড়িয়েছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পুরো পরিস্থিতিটাই তাঁকে অনেক বেশি অদৃষ্ট-নির্ভর করে তুলেছে। বোন ভেনাসও ইনজুরি সমস্যায় ভুগেছেন প্রায় পুরো মৌসুমই। তাই, ক্ষমতা থাকলেও নিজেদেরকে এখনই চ্যাম্পিয়ন ভাবতে পারছেন না সেরেনা উইলিয়ামস।এবারের আসরে তৃতীয় রাউন্ডে এসেই দুই বোন কিন্তু নিজেদের যোগ্যতা ও ফর্মের স্বাক্ষর রেখে চলেছেন। পরিবেশ-পরিস্থিতি ও উভয়ের ফর্ম কিন্তু তাঁদের শিরোপার দাবিদার হিসেবেই নির্দেশ করছে। তবে সেরেনা নিজের চেয়ে বোন ভেনাসকেই এ ক্ষেত্রে এগিয়ে রাখছেন। তাঁর মতে, ‘ভেনাসকে যা দেখলাম তাতে ও দারুণ ফর্মে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কি, ভেনাস এ মুহূর্তে অনেকটাই আত্মবিশ্বাসী।’ আজ সোমবার ভেনাস গুরুত্বপূর্ণ এক খেলায় মাঠে নামবেন বুলগেরিয়ান সেভেতানা পিরোনকোভার বিপক্ষে। এই পিরোনকোভার কাছে কোয়ার্টার ফাইনালে হেরেই গত বছর সমাপ্তি হয়েছিল ভেনাসের উইম্বলডন যাত্রার।সেরেনা খেলবেন মারিও বারতোলির বিপক্ষে। চার বছর আগে এই বারতোলিই সবাইকে অবাক করে দিয়ে উঠে গিয়েছিলেন উইম্বলডনের ফাইনালে। অবশ্য হেরে গিয়েছিলেন ভেনাস উইলিয়ামসের কাছে।সবকিছু মিলিয়ে দুই বোনের উইম্বলডন যাত্রাটা একেবারেই মন্দ নয়। তার পরও তাঁরা কেউই জোর গলায় নিজেদের সম্ভাবনার কথা জাহির করছেন না। অন্য খেলোয়াড়েরা কিন্তু দুই বোনকে যথেষ্টই গণনার মধ্যে রাখছেন। বারতোলি সেরেনা উইলিয়ামসকে ঘাসের কোর্টে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘সে এই কন্ডিশনে যেকোনো উপায়ে ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। এটাই তার সবচেয়ে বড় গুণ।’ তিনি আরও বলেন, ‘ভেনাস কিংবা সেরেনা—দুই বোনকে আপনার হিসেবের মধ্যে রাখতেই হবে। বিশেষ করে প্রতিযোগিতার নামটা যখন উইম্বলডন।’ ওয়েবসাইট।