নিলামে ফুটবলের আদি পুস্তক
বইটা ১৫৩ বছর পুরোনো। বয়স ছাড়াও বইটার আরেকটি বিশেষত্ব—জানামতে, ফুটবলের আইনকানুন নিয়ে লেখা এটাই পৃথিবীর সবচেয়ে পুরোনো বই। ঐতিহাসিক মূল্য তো আছেই, আর্থিক মূল্যের দিক দিয়েও বইটার দাম হয়ে যাচ্ছে আকাশছোঁয়া। নিলামে উঠতে যাওয়া বইটির জন্য কাতারের রাজপরিবার ৩৫ লাখ ইউরো (৩৭ কোটি ১২ লাখ টাকা প্রায়) গুনতে রাজি আছে বলে খবর। এত আগ্রহের কারণ ২০২২ বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে আরও অনেক নিদর্শনের পাশাপাশি সবচেয়ে পুরোনো ফুটবলের আইনের বইটাও প্রদর্শন করতে চায় তারা।লন্ডনে আগামী ১৪ জুলাই হবে নিলাম। বিখ্যাত নিলামঘর সোদিবি আয়োজন করছে এই নিলামের। সেই নিলামেই কাতার বিশাল অঙ্কের প্রস্তাব দিতে চলেছে বলে খবর। খবরটি আরও জোরালো হয়ে উঠছে দেশটির রাজপরিবারের সদস্যরা ব্যক্তিগতভাবে বইটি দেখার ব্যাপারে উৎসাহ দেখানোয়। অনুমিত অঙ্কে বইটি বিক্রি হলে সেটা হবে নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো ক্রীড়াসামগ্রী। এর আগে ৩০ লাখ ইউরোতে বাস্কেটবলের নিয়মকানুন নিয়ে লেখা এমনই একটি পুরোনো বই বিক্রি হয়েছিল। বইটি নিয়ে আগ্রহ এতটাই তুঙ্গে, নিলামে ডাকই শুরু হবে ১৪ লাখ ইউরো থেকে। আদি এই বইয়ে মাত্র ১১টি নিয়ম লেখা আছে, ফুটবল অবশ্য তখন সাধারণ মানুষের খেলা হয়ে ওঠেনি। ওয়েবসাইট।