নিলামে বেস্টের পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আয়ারল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্ট পেশাদার ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন দীর্ঘ ২১ বছর। এ-ক্লাব ও-ক্লাব ঘুরে খেলেছেন ১৯টি ক্লাবে। কিন্তু দুনিয়ার মানুষ তাঁকে চেনে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ‘বেস্ট’ হিসেবে। ১৯৬৩-১৯৭৪, ৪৭০টি ম্যাচ খেলে করেছেন ১৭৯টি গোল, বেস্ট ম্যানইউতেই কাটিয়েছেন ক্যারিয়ারের সুবর্ণ সময়। ক্যারিয়ারে যত অর্জন, খ্যাতি-সুনাম সবই এই সময়টায়। ম্যানইউর তো বটেই, বিশ্বকাপ না খেলা সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই বিবেচনা করা হয় জর্জ বেস্টকে।পাঁচ বছর আগেই পৃথিবী ছেড়ে যাওয়া বেস্টকে এবার খবর বানিয়েছে ১৯৬৮ সালে জেতা তাঁর পদকগুলোই। আগামী মাসে বেস্টের আরও অনেক পদকের সঙ্গে ইউরোপিয়ান কাপ জেতা পদকটিও তোলা হচ্ছে নিলামে। এই পদকটি অবশ্য হারিয়ে ফেলেছিলেন বেস্ট। পরে মূল পদকের আদলে দেওয়া হয় রেপ্লিকা। নিলামে তোলা হবে বেস্টের নিজের তৈরি একটি বিশেষ অলংকারও।তা কত হতে পারে কিংবদন্তি বেস্টের স্মৃতি জড়ানো পদকের মূল্য? নিলামের মূল্যই ধার্য করা হয়েছে ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার পাউন্ড! সর্বোচ্চ মূল্য হাঁকিয়ে বেস্টের ইউরোপিয়ান কাপ জেতা পদকটির গর্বিত মালিক হবেন যিনি, তিনি অংশ নিতে পারবেন বেস্টের ইউরোপিয়ান বর্ষসেরা ফুটবলারের পদক বিক্রির নিলামেও। বর্ষসেরা পদকের মূল্য প্রত্যাশা করা হচ্ছে এক লাখ পাউন্ড, আর সব পদক মিলিয়ে আনুমানিক মূল্য ধরা হচ্ছে ২ লাখ ৭০ হাজার পাউন্ড। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর।