
গায়ে জড়ানো জাতীয় পতাকা। সতীর্থরা ঘিরে রেখেছেন হাসান যুবায়েরকে (নিলয়)। ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিকের আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করতে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ঠাকুরগাঁওয়ের তরুণ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল হংকংকে ৩-১ গোলে হারানোর ম্যাচে সবটুকু আলোই কেড়ে নিলেন বিকেএসপির সাবেক খেলোয়াড়।
এ ম্যাচ ড্র রাখতে পারলেই চলত। কিন্তু জিতেই বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। স্কোরলাইন দেখে অবশ্য বোঝার উপায় নেই, এই জয়টা পেতে কত ঘাম ঝরাতে হয়েছে মিমো-চয়নদের। বিকেএসপিতে তিন মাসের কঠোর অনুশীলন আর ভারতের সঙ্গে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজের পর বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে দলের কাছে ভালো পারফরম্যান্সই আশা ছিল সবার। বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশাজনক। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ভাগ্যগুণে জয়ের পর কাল হংকংয়ের বিপক্ষেও ম্যাড়মেড়ে দেখাল দলকে। নিশ্চিত করেই ইনচন এশিয়ান গেমসে বড় কিছুর স্বপ্ন দেখাতে পারছেন না কোচ নাভিদ আলম।
দুই বছর আগে সিঙ্গাপুরে গত বিশ্ব হকি লিগের প্রথম পর্বে এই হংকংকেই ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এ বছর মার্চে ঢাকায় এশিয়ান গেমসের বাছাইপর্বে হংকংকে হারিয়েছিল ৫-১ গোলে। দুর্বল এই প্রতিপক্ষকে কালও হেসেখেলেই হারানো উচিত ছিল চয়নদের। কিন্তু গোলের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৬ মিনিট পর্যন্ত। ছিল ভুল পাসের ছড়াছড়ি। ছন্নছাড়া মাঝমাঠ আক্রমণ ও রক্ষণের মাঝে সেতুবন্ধ হতে পারেনি। স্বার্থপরের মতো এককভাবে গোলের চেষ্টা করেছেন খেলোয়াড়েরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনটি পেনাল্টি কর্নারের একটিকেও গোলে পরিণত করা যায়নি। শেষ দিকে হংকই বরং বেশি আক্রমণাত্মক ছিল।
২৭ মিনিটে রিভার্স হিটে প্রথম গোলটি করেন নিলয়। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে মামুনের হিট হংকংয়ের গোলরক্ষক অ্যান্ড্রু হাওয়ার্ড ফিরিয়ে দিলে ফিরতি হিটে করেন ২-০। ৫১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ২-১ করেন হংকং অধিনায়ক চান কা হো। ৫৪ মিনিটে নিলয়ের হ্যাটট্রিকে ৩-১ করে বাংলাদেশ।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠল বাংলাদেশ। বিশ্ব র্যাঙ্কিংয়ের ১২ থেকে ১৯তম দেশ, স্বাগতিক সিঙ্গাপুর ও প্রথম পর্ব থেকে ওঠা ১৫টি দলকে নিয়ে আগামী ১৭-২৫ জানুয়ারি সিঙ্গাপুরে বসবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্ব। কিন্তু প্রথম পর্বের পারফরম্যান্স খুশি করতে পারেনি কোচ নাভিদ আলমকে, ‘মাঠে কেউই আমার পরিকল্পনা অনুযায়ী খেলেনি। ওদের পারফরম্যান্সে খুবই হতাশ। আশা করব, এশিয়ান গেমসের আগে ছেলেরা সেরা ফর্মে ফিরে আসবে।’
হংকংয়ের সঙ্গে দলের পারফরম্যান্সে খুশি নন হ্যাটট্রিক-নায়ক নিলয়ও, ‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই কঠিন। হংকংকে আগে হারিয়েছি বলে মোটেও ওদের খাটো করে দেখিনি। তবে এটা সত্যি নিজেদের খেলায় হতাশই হয়েছি আমরা। এই ম্যাচে আরও বেশি গোল করা উচিত ছিল।’
৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন নিলয়, সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে বাংলাদেশের অসীম গোপের হাতে।
এক নজরে
সেরা খেলোয়াড় : প্রিয়ালঙ্কা সাদারুয়ান (শ্রীলঙ্কা)
সর্বোচ্চ গোলদাতা : হাসান যুবায়ের (বাংলাদেশ)
সেরা গোলরক্ষক : অসীম গোপ (বাংলাদেশ)
সেরা উদীয়মান : খান ফাহিম (হংকং)