নিশুতি রাতের ক্রিকেট!
সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ, এটা পুরোনো খবর। তবে সিরিজে ম্যাচের সময়টা শুনে অনেকেই চোখ কপালে তুলেছেন। ওয়ানডেগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়, শেষ হবে প্রায় পৌনে দুইটায়। এমন অদ্ভুতুড়ে সময়ে ম্যাচ কি কখনো দেখেছে ক্রিকেট-বিশ্ব? আগস্ট-সেপ্টেম্বরে শারজা-আবুধাবিতে দিনের গড় তাপমাত্রা থাকে ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রখর সূর্যালোক থেকে খেলোয়াড়দের মুক্তি দিতেই শেষ বিকেলে ম্যাচ শুরু করার এই সিদ্ধান্ত। দুই দলের সমঝোতার ভিত্তিতে সময়টা নির্ধারিত হলেও সমস্যা যেন কাটছেই না। রাতভর ক্রিকেট খেলায় ক্রিকেটারদের ঘুম ও খাদ্যাভাস বিঘ্নিত হবে কি না, সেটা নিয়েও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন চিন্তিত। সংগঠনের প্রধান নির্বাহী পল মার্শের মতে, এই সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে বেশ ধকল যাবে খেলোয়াড়দের। সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ২৮ আগস্ট প্রথম ওয়ানডে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর! তিনটি টি-টোয়েন্টি ৫, ৭ ও ১০ সেপ্টেম্বর। গরমের কারণে প্রথমে কথা ছিল এই সিরিজে ছয়টি ম্যাচই হবে টি-টোয়েন্টি। পরে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া ও পিসিবির সম্মতিতেই তিনটি ওয়ানডে ঢুকেছে সূচিতে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়, শেষ হবে রাত ১১টায়। ওয়েবসাইট, এএফপি।