নিশ্চয়তা চান ইসা-মুসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত ক্যাম্পে যোগ দেননি ইসা মিয়া ও মুসা মিয়া। হকির অনুশীলন শুরু হয়েছে কাল থেকে, তবে তাঁরা এই ক্যাম্পে যোগ না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন। ফরিদপুর থেকে টেলিফোনে কাল দুজনই জানিয়েছেন, ‘১৬ জনের প্রাথমিক দলে সরাসরি আমাদের রাখলেই আমরা ক্যাম্পে যোগ দেব।’ তাঁদের কথা, ‘সিনিয়র খেলোয়াড় হয়েও ট্রায়ালের মাধ্যমে দলে ঢোকার ব্যাপারটা ভালো লাগছে না। শেষ পর্যন্ত যদি ট্রায়ালে বাদ পড়ি সেটা তো আমাদের জন্য খুব একটা ভালো ব্যাপার হবে না।’কাল ১৭ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু করেছেন বরকতউল্লাহ (চপল)। পিটার গেরহার্ড জার্মানি থেকে ফেরা পর্যন্ত ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করবেন তিনি। জানালেন, ‘যত দূর মনে হচ্ছে ইসা-মুসাদের আসার সম্ভাবনা খুবই কম। অন্যরা টেলিফোনে যোগাযোগ করেছে। কাল (আজ) থেকে ওরা অনুশীলন করবে।’ সিঙ্গাপুর, ওমান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে ৭ মে ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান গেমসের বাছাইপর্ব।