বইটি বের হলে ভালো বিপদেই পড়তেন স্যামুয়েল ইতো। নিজের একান্ত ব্যক্তিগত কথা মলাটবদ্ধ অবস্থায় কে দেখতে চায়? অথচ ইতোর সাবেক প্রেমিকা নাতালি কোয়াহ সেটাই করতে গিয়েছিলেন। আস্ত একটা বই লিখে ফেলেছেন কোয়াহ, সেটার মূল উপজীব্য ইতোর সঙ্গে তাঁর প্রেম। ২০০৭ থেকে সম্পর্ক ছিল দুজনের, দুই বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়। এই সময়ের দুজনের সম্পর্কের অনেক কিছুই উঠে এসেছে ওই বইতে। এর মধ্যে বেশ কিছু বিষয় নাকি রীতিমতো রগরগে ব্যাপার। গত বৃহস্পতিবারই বইটি প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ক্যামেরুনিয়ান ফুটবল তারকা ইতো মামলা ঠুকে দিয়েছেন প্যারিসের আদালতে। আদালতও আপাতত বইটি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে কোয়াহ জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। তবে আপাতত বইটি নিষিদ্ধ হলেও বার্সেলোনা, ইন্টার মিলান ও চেলসির সাবেক স্ট্রাইকারের ঝামেলা কি কমল? বইটি যে মানুষকে আরও তীব্রভাবে আকর্ষণ করবে। এএফপি।