নিষিদ্ধ ক্যামেরুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে আসে একটা সুসংবাদ। কিন্তু সেটা উদ্যাপনের জন্য ১৫ মিনিটের বেশি সময় পেল না ক্যামেরুন। তারপরই মাথায় আকাশ ভেঙে পড়া দুঃসংবাদ—সব ধরনের ফুটবল থেকে মিলা-ইতোর দেশকে নিষিদ্ধ করেছে ফিফা! ফুটবল নিয়ন্ত্রক সংস্থার শর্ত মেনে এখন যদি পরবর্তী প্রক্রিয়া শুরু করতে না পারে ক্যামেরুনের ফুটবল অ্যাসোসিয়েশন (ফেকাফুট) তাহলে বিশ্বকাপের বাছাইপর্বে বাকি ম্যাচগুলো খেলাও অনিশ্চিত হয়ে যাবে তাদের। গত ৯ জুন ক্যামেরুনের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের এক ম্যাচে নিষেধাজ্ঞায় থাকা একজন ফুটবলারকে মাঠে নামিয়েছিল টোগো। ওই ম্যাচে তারা ২-০ গোলে জিতেছেও ক্যামেরুনের বিপক্ষে। কিন্তু ব্যাপারটা ধরা পড়ার পর পরশু এক বিবৃতিতে টোগোর ৩ পয়েন্ট কেটে নেওয়ার কথা জানিয়েছে ফিফা। মাঝখান থেকে হেরেও লাভ হয়ে যায় ক্যামেরুনের। কিন্তু এই সুসংবাদের ১৫ মিনিটে পরই অন্য এক বিবৃতিতে ফিফা জানায়, দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর সরকারের অনৈতিক হস্তক্ষেপের কারণে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্যামেরুনকে। বিবৃতিতে বলা হয়, এই সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো ফুটবলই খেলতে পারবে না ক্যামেরুন। তবে ফিফা শর্ত দিয়েছে, জরুরি ভিত্তিতে ফেকাফুট চালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার। ওই বিশেষ কমিটির কাজ হবে আগামী বছর মার্চের মধ্যে ফেকাফুটে নিরপেক্ষ একটি নির্বাচন করা। কমিটি গঠিত হলে ফুটবলেও ফিরতে পারবে ক্যামেরুন।বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলতে হলে এ ছাড়া এখন আর বিকল্পও নেই ক্যামেরুনের ফুটবল অ্যাসোসিয়েশনের হাতে। এএফপি।