নিষিদ্ধ থেকেও খেলেছেন আমির
নেতিবাচক খবরে ভরপুর পাকিস্তান ক্রিকেটে যুক্ত হলো আরেকটি ‘বিব্রতকর’ খবর। গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন মোহাম্মদ আমির। কিন্তু নিষেধাজ্ঞার শর্ত অমান্য করে একটা খেলায় অংশ নেওয়ায় আবারও পাকিস্তানি এই পেসারের বিরুদ্ধে তদন্তে নেমেছে আইসিসি।গত ফেব্রুয়ারিতে আমির ছাড়াও পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটকে ১০ ও পেসার মোহাম্মদ আসিফকে সাত বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, এই সময়ের মধ্যে কোনো ধরনের ক্রিকেটেই অংশ নিতে পারবেন না তাঁরা। কিন্তু যুক্তরাজ্যের দৈনিক ডেইলি স্টারের খবরে প্রকাশ, সারে প্রথম বিভাগ ক্রিকেট লিগের একটি খেলায় অংশ নিয়েছেন আমির!খবরটা যে মিথ্যা নয়, তা স্বীকার করে নিয়েছেন আমির নিজেই। তবে তাঁর দাবি, তাঁকে ভুল বোঝানো হয়েছিল। পাকপ্যাশন ডট নেটকে আমির বলেন, ‘ক্লাবের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল, এটা একটা প্রীতি ম্যাচ। তা ছাড়া ম্যাচটা ব্যক্তিমালিকানার একটি মাঠে অনুষ্ঠিত হবে।’নিজেকে নির্দোষ দাবি করে আমির আরও বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য হবে জানার পরও কোনো ম্যাচে খেলব—এমন বোকা আমি নই। আমি যেখানেই খেলতে যাব, সবাই আমাকে চিনবে। বুঝেও ঝুঁকি নিতে যাব কেন?’এ দিকে আইসিসির মুখপাত্র কলিন গিবসন ডেইলি স্টারকে বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত জানার অপেক্ষায় আছি। পত্রিকায় প্রকাশিত খবর সত্যি হলে এটা হবে নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘন।’খবরে বলা হয়, সেন্ট লুকের বিপক্ষে অ্যাডিংটনের ৮১ রানের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল আমিরের। ৭ ওভার বল করে ৯ রান দিয়ে এই পেসার শিকার করেছিলেন ৪টি উইকেট।ওই ম্যাচে অ্যাডিংটনের হয়ে বোলিং ওপেন করেন আমির। আইসিসির নিষেধাজ্ঞায় থাকা একজন বোলারকে বল হাতে দেখে ‘ভূত’ দেখার মতোই অবস্থা হয়েছিল সবার। ‘এটা যে সত্যিই আমির, কারও বিশ্বাস হচ্ছিল না। ছদ্মবেশ ধারণের চেষ্টা করেনি ও। আমার সঙ্গে ছবি তোলার জন্য পোজও দিয়েছে। আমাদের দলের একজন পাকিস্তানি ক্রিকেটার ওকে দেখে অবাক হয়ে যায়’—প্রতিক্রিয়ায় বলেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান কার্ল কুইন। ওয়েবসাইট।