নিষিদ্ধ ফেনারবাচে-বেসিকতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানোতে জড়িত থাকার দায়ে ফেনারবাচে ও বেসিকতাসকে নিষিদ্ধ করেছে উয়েফা। আগামী মৌসুমে তুরস্কের ক্লাব দুটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এতে তুরস্কের ক্লাব দুটির বড় অঙ্কের আর্থিক ক্ষতিও হবে। তুর্কি লিগে রানার্সআপ হয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় পর্যায়ের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল ফেনারবাচে। তাতে অংশগ্রহণ ফি হিসেবেই পেত ১ লাখ ৩০ হাজার পাউন্ড। তেমনি ইউরোপা লিগের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করা বেসিকতাস অংশগ্রহণ ফি হিসেবে পেত ১ লাখ পাউন্ড। ফেনারবাচের শাস্তিটাই হয়েছে বেশি। আগামী তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতার জন্য নিষিদ্ধ করা হয়েছে তাদের। ফেনারবাচে অবশ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। বেসিকতাসও অভিযোগের বিষয়ে যাবতীয় কাগজপত্র উয়েফার কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছে। ম্যাচ পাতানোর দায়ে এর আগে এই ক্লাব দুটিকে শাস্তি দিয়েছিল তুরস্কের ফুটবল ফেডারেশনও—২০১১-১২ মৌসুমে ফেনারবাচে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলেও খেলতে পারেনি। আর বেসিকতাসের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল ২০১১ কাপ শিরোপা। এএফপি।