নিষিদ্ধ ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে হলো মানা, ওল্ড ট্রাফোর্ডে কেউ ল্যাপটপ আনবে না। শুধু ল্যাপটপই নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের গ্যালারিতে আইপ্যাড নিয়েও কেউ ঢুকতে পারবে না। গতকালই সমর্থকদের প্রতি এই নির্দেশনা জারি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। আসলে নিরাপত্তাজনিত কারণেই নিষিদ্ধ করা হয়েছে ৬ ইঞ্চি বাই ৪ ইঞ্চির চেয়ে বড় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। এর আগে কিছু কিছু গণমাধ্যমে লেখা হয়েছিল, সমর্থকেরা যাতে ছবি তুলতে বা ভিডিও করতে না পারে, সে জন্যই এই নিষেধাজ্ঞা। কাল বিবৃতি দিয়েই এই ধারণা উড়িয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গত মাসে ব্রিটিশ সরকার ঘোষণা করে, এখন থেকে দেশটির সব বিমানবন্দরে ল্যাপটপ ও আইপ্যাড পরীক্ষা করে তবেই নিতে দেওয়া হবে। যেহেতু স্টেডিয়ামে এই পরীক্ষা সম্ভব নয়, তাই এই নিষেধাজ্ঞা। এএফপি, বিবিসি।