নিষিদ্ধ শিলিংফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ হয়ে গেলেন শেন শিলিংফোর্ড। কাল আইসিসি জানিয়েছে, অ্যাকশন সংশোধিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের এই অফ স্পিনার। আংশিক নিষেধাজ্ঞা পেয়েছেন শিলিংফোর্ড সতীর্থ মারলন স্যামুয়েলসও। এখন থেকে নিষিদ্ধ থাকবে এই খণ্ডকালীন অফ স্পিনারের জোরের সঙ্গে করা বলগুলো।
গত মাসে মুম্বাইয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের পরই এই জুটির বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার পার্থে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে হয় দুজনকেই। ওই পরীক্ষাতেই দেখা গেছে সাধারণ অফব্রেক ও দুসরা, দুই ক্ষেত্রেই শিলিংফোর্ডের কনুই বেঁকে যায় নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি। এখন শুধু অ্যাকশন শুধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে ফিরতে পারবেন টানা পাঁচ ইনিংসে ৫ উইকেট করে নেওয়া এই বোলার। আইসিসি নিজস্ব বিবৃতিতে জানিয়েছে, ‘সে ওই পর্যন্তই নিষিদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন বিশ্লেষণে প্রমাণিত হয় সে বোলিং অ্যাকশন শুধরে নিয়েছে।’ তবে আইসিসি আপিলের সুযোগ রেখেছে দুজনের জন্যই।
পার্থের পরীক্ষাতেই দেখা গেছে স্যামুয়েলসের সাধারণ অফব্রেকগুলোতে কোনো সমস্যা নেই। সমস্যা শুধু জোরের ওপর করা বলে।
স্যামুয়েলস ও শিলিংফোর্ড দুজনই এর আগেও নিষিদ্ধ হয়েছিলেন অবৈধ অ্যাকশনের কারণে। ২০০৮ সালে প্রথম অভিযোগ ওঠার পর তিন বছর বোলিং করতে পারেননি স্যামুয়েলস। ২০১০ সাল নিষিদ্ধ হওয়া শিলিংফোর্ড ফিরেছিলেন এক বছর পরই। নিষিদ্ধ হওয়ার আগে ৫ টেস্টে ১৪ উইকেট নেওয়া এই স্পিনার ফেরার পর ৯ টেস্টে নিয়েছেন ৫১ উইকেট। এএফপি, ক্রিকইনফো।