নিষিদ্ধ শ্রীনিবাসনেরজামাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুনাথ মায়াপ্পন গ্রেপ্তার হওয়ার পর থেকেই আইপিএলের স্পট ফিক্সিং বিতর্ক পৌঁছেছে নতুন বাঁকে। পরোক্ষভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে এন শ্রীনিবাসনের পদত্যাগের দাবি উঠেছে। কিন্তু বিসিসিআইয়ের সভাপতি স্পষ্টই জানিয়ে দিলেন, পদত্যাগ করার কোনো ইচ্ছাই তাঁর নেই। পদত্যাগ তিনি করবেন না।

নিয়ম অনুযায়ী সভাপতিকে অপসারণ করতে হলে বোর্ডের নির্বাহী কমিটির তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে। মানে, ৩১ সদস্যের মধ্যে ভোট লাগবে ২৪টি। কিন্তু শ্রীনিবাসনের দাবি, ‘বিসিসিআইয়ের একজন সদস্যও আমার পদত্যাগ চায় না।’ বিসিসিআইয়ের সভাপতি নিশ্চিত করেছেন, তাঁর জামাতা ও চেন্নাই সুপার কিংসের প্রধান কর্মকর্তা মায়াপ্পন এবং গ্রেপ্তার হওয়া রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশনে তিনি থাকবেন না। এমনকি কমিশনের কাজে কোনো রকম হস্তক্ষেপও করবেন না।

বিসিসিআইয়ের সভাপতি প্রতিশ্রুতি দিয়েছেন যে তদন্ত হবে স্বাধীন, ‘আমার একটা দায়িত্ব আছে এবং আমরা কঠোর হাতেই দায়িত্ব পালন করব। আমি নিশ্চয়তা দিতে পারি, আমরা কোনো ধরনের ভয় ও পক্ষপাতিত্ব ছাড়াই তদন্ত করব। যদি কোনো খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি কিংবা মালিক কোনো নিয়ম ভঙ্গ করে থাকে, শাস্তি তাকে পেতেই হবে।’ শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরুও করে দিয়েছে বিসিসিআই। মায়াপ্পনকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটের সব ধরনের কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে।

তার পরও প্রশ্নটা থাকছেই। কমিশনের সদস্য হতে যাচ্ছেন যাঁরা, তাঁরা সবাই যে বিসিসিআইয়ের সুবিধাভোগী! তিন সদস্যের কমিশনের একজন হবেন বোর্ডের স্বাধীন সদস্য। বাকি দুই সদস্য হবেন আইপিএলের কমিশনার রাজীব শুক্লা, বিসিসিআইয়ের সহসভাপতি অরুণ জেটলি, কোষাধ্যক্ষ অজয় শিরকে, সচিব সঞ্জয় জাগদালে এবং ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর মধ্য থেকে।

এদিকে গ্রেপ্তার হওয়া শ্রীশান্ত ও চাভান জামিনের আবেদন করেছেন আদালতে। দিল্লির আদালত জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আগামীকাল। ওয়েবসাইট, এএফপি।