নিষিদ্ধ স্মিথের কাছেই হারলেন কোহলি

>আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের ইতিহাস সেরা রেটিং পয়েন্টের তালিকায় ঢুকে গিয়েছিলেন বিরাট কোহলি। এজবাস্টন টেস্টের দুই ইনিংসের বীরত্বের পর। কিন্তু লর্ডসে ব্যর্থ হওয়ার পর আবার র্যাঙ্কিংয়ে পতন হলো তাঁর
বল টেম্পারিং-কাণ্ডের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই স্টিভেন স্মিথ। সাবেক অধিনায়ককে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই নিষিদ্ধ স্মিথের মাথাতেই কাল আবার উঠল টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্বের মুকুট। লর্ডস টেস্টে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্যর্থতাই আবার শীর্ষ উঠিয়েছে স্মিথকে। গত সপ্তাহে এজবাস্টনে ১৪৯ রানের অসাধারণ এক ইনিংস খেলার পর স্মিথকে সরিয়ে এক নম্বর জায়গাটা দখল করেছিলেন কোহলি।
স্মিথ যে আবার এক নম্বর হলেন, তাতে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও ধন্যবাদ দিতে পারেন তিনি। গত দক্ষিণ আফ্রিকা সফরের পরে আর কোনো টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। দল যেহেতু খেলছে না, তাই রেটিং পয়েন্টও খোয়াতে হচ্ছে না স্মিথকে। স্মিথের পয়েন্ট আছে আগের মতোই ৯২৯।
অন্যদিকে লর্ডস টেস্ট শেষে কোহলি হারিয়েছেন ১৫ পয়েন্ট। লর্ডসের পারফরম্যান্স দিয়ে এ ছাড়া ব্যাটিংয়ে বলার মতো এগিয়েছেন শুধু রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচে দুই ইনিংসেই ভারতের সর্বোচ্চ স্কোরার ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৬৭ তম স্থানে।
বোলিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন। ৯০৩ পয়েন্ট নিয়ে ইংলিশ পেসার ধরে রেখেছেন এক নম্বর জায়গাটা। অ্যান্ডারসনের সৌজন্যেই প্রায় ৩৮ বছর পর নিজেদের কোনো বোলারকে ৯০০ পয়েন্ট পেরোতে দেখল ইংল্যান্ড। অ্যান্ডারসনের আগে ইংল্যান্ডের সর্বশেষ বোলার হিসেবে যে কীর্তি ছিল ইয়ান বোথামের। স্যার বোথাম অবশ্য সে সময় কীর্তিটা উপভোগ করতে পারেননি। সে সময়ে যে র্যাঙ্কিংই ছিল না। পরে তথ্য-উপাত্তকে ভিত্তি করেই ইতিহাসভিত্তিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যে র্যাঙ্কিংয়ে অ্যান্ডারসন-বোথাম ছাড়াও ৯০০ পয়েন্ট আছে সিডনি বার্নস, জর্জ লোহম্যান, টনি লক, ডেরেক আন্ডারউড ও অ্যালেক বেডসারের মতো কিংবদন্তিদের নাম।
বোলিংয়ে শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। অ্যান্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড এক ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
র্যাঙ্কিং শীর্ষ পাঁচ
ব্যাটসম্যান | |||
| খেলোয়াড় | দল | রেটিং |
১ (+১) | স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ৯২৯ |
২ (-১) | বিরাট কোহলি | ভারত | ৯১৯ |
৩ (-) | জো রুট | ইংল্যান্ড | ৮৫১ |
৪ (-) | কেন উইলিয়ামসন | নিউজিল্যান্ড | ৮৪৭ |
৫ (-) | ডেভিড ওয়ার্নার | অস্ট্রেলিয়া | ৮২০ |
বোলার | |||
১ (-) | জেমস অ্যান্ডারসন | ইংল্যান্ড | ৯০৩! |
২ (-) | কাগিসো রাবাদা | দ. আফ্রিকা | ৮৮২ |
৩ (-) | রবীন্দ্র জাদেজা | ভারত | ৮৪৯ |
৪ (-) | ভারনন ফিল্যান্ডার | দ. আফ্রিকা | ৮২৬ |
৫ (-) | রবিচন্দ্রন অশ্বিন | ভারত | ৮০২ |
অলরাউন্ডার | |||
১ (-) | সাকিব আল হাসান | বাংলাদেশ | ৪২০ |
২ (-) | রবীন্দ্র জাদেজা | ভারত | ৩৭৮ |
৩ (+১) | রবিচন্দ্রন অশ্বিন | ভারত | ৩৭৪ |
৪ (-১) | ভারনন ফিল্যান্ডার | দ. আফ্রিকা | ৩৭০ |
৫ (-) | জেসন হোল্ডার | ও. ইন্ডিজ | ৩৫৪ |
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন
! ক্যারিয়ারসেরা রেটিং