নিষিদ্ধ হতে পারেন বুসকেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবেন, মাঠ থেকেই ট্রফিতে চুমু খাবেন—সার্জিও বুসকেটসের স্বপ্ন এটা। কিন্তু ট্রফি জয় পরের কথা, ওয়েম্বলি ফাইনালে হয়তো খেলাই হবে না বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডারের। আটকা পড়তে পারেন নিষেধাজ্ঞার বেড়াজালে।বুসকেটসের বিরুদ্ধে অভিযোগ গুরুতর—রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বর্ণবাদী আচরণ করেছেন! উয়েফা নাম প্রকাশ করেনি, তবে জানিয়েছে, রিয়াল মাদ্রিদের কোনো এক খেলোয়াড়কে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ এসেছে রিয়ালের পক্ষ থেকে। ওই খেলোয়াড়টি ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো হতে পারেন বলে ধরে নিচ্ছেন অনেকেই।উয়েফা এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে—বিষয়টি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বুসকেটস সত্যিই দোষী কি না, তা দেখতে উয়েফা খতিয়ে দেখছে রিয়াল মাদ্রিদের সরবরাহ করা ওই ম্যাচের ভিডিও। অভিযোগ সত্যি প্রমাণিত হলে ইউরোপীয় প্রতিযোগিতায় ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বুসকেটস।রিয়াল-বার্সা সেমিফাইনালের ঝামেলার জের বইছেন আরও দুজন। ‘উয়েফা বার্সার পক্ষ নেয়’ বলে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল কোচ হোসে মরিনহো। আর বিরতির সময় টানেলে মারামারিতে জড়িয়ে পড়ায় বার্সার রিজার্ভ গোলরক্ষক হোসে পিন্টো লাল কার্ড পেয়েছিলেন। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনিও। এএফপি।