নিষিদ্ধই থাকলেন তাসকিন
পালে খুব জোর হাওয়া ছিল না। তবে দলের ভেতর মৃদুমন্দ একটা আশার বাতাস তো ছিলই। ক্রিকেট ইতিহাসেই বিরল কিছু ঘটে যাওয়ার আশা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরিয়ে আনতে পারে তাসকিন আহমেদকে।
সেটা আর হলো না। কাল সকালে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বিচার বিভাগীয় কমিশনার মাইকেল বেলফ কিউসি তাসকিনের বোলিং নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। অ্যাকশন শুদ্ধ করে এই পেসার চাইলে যেকোনো সময় নতুন করে পরীক্ষা দিতে পারবেন। তবে আইসিসির এই ঘোষণার মধ্য দিয়ে আরাফাত সানির মতো শেষ হয়ে গেল তাসকিনের টি-টোয়েন্টি বিশ্বকাপও।
সানি দেশে ফিরেছেন গতকাল দুপুরে। আজ বেঙ্গালুরু থেকে দলের সঙ্গে কলকাতা এসে তাসকিন ফিরবেন আগামীকাল সকালে। অ্যাকশনের ত্রুটি খুবই সামান্য বলে বিসিবি শুরুতে ভেবেছিল চেন্নাই থেকে আরেকবার পরীক্ষা দিয়েই ফিরুক তাসকিন। সেই চিন্তা বাদ দেওয়ার কারণ হিসেবে বেঙ্গালুরুতে কাল বোর্ড সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘হাতে যেহেতু সময় আছে, শুধু শুধু ঝুঁকি নিয়ে লাভ কী? ঢাকায় আগে আমাদের কোচরা দেখুক সমস্যাটা কী। তারপর পরীক্ষার জন্য পাঠানো হবে।’
হল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাসকিন-সানি দুজনের অ্যাকশন নিয়েই প্রশ্ন তোলেন আম্পায়াররা। চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পরীক্ষা দেওয়ার পর অবৈধ ঘোষিত হয় দুজনের অ্যাকশনই। বোলিং করার ওপর আসে নিষেধাজ্ঞা। সানির ক্ষেত্রে বিষয়টা মেনে নিলেও তাসকিনের ব্যাপারে তা কেউই মানতে পারছিলেন না। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে তাসকিন নিজে, জাতীয় দলের কোচ, অধিনায়ক, খেলোয়াড় এবং বিসিবি কর্মকর্তারাও মনে করেছেন সিদ্ধান্তটি সঠিক হয়নি। তুলে ধরা হয় অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত কিছু ত্রুটিও।
সেসব ত্রুটির কথা উল্লেখ করেই গত সোমবার আইসিসির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেন তাসকিন। পরশু বিকেলে টেলিকনফারেন্সের মাধ্যমে এ নিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা শুনানি হয়। কেউ যোগ দেন ঢাকা থেকে; কেউ দুবাই, ভারত ও লন্ডন থেকে। টিম হোটেল রিটজ-কার্লটনে ম্যানেজার খালেদ মাহমুদের রুম থেকে তাসকিনের সঙ্গে তাতে অংশ নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ হিথ স্ট্রিক, সাকিব আল হাসান, খালেদ মাহমুদ এবং বিসিবির আইনজীবী মুদাসসির হোসেন। শুনানির ফলাফল টিম ম্যানজেমেন্টকে জানিয়ে দেওয়া হয় পরশু গভীর রাতেই। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা আইসিসি দিয়েছে কাল সকালে।
শুনানিতে আগের সিদ্ধান্ত বদল হওয়ার সম্ভাবনা যে খুব বেশি ছিল না, সেটা বিসিবিও অনুমান করতে পেরেছিল। তারপরও নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়েই তাসকিনকে ফেরানোর চেষ্টা চালানো হয়েছে। বিশেষ করে ভারত ম্যাচের আগে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত জানার জোর চেষ্টা ছিল বিসিবির। আইসিসির শীর্ষ কর্তাদের সহায়তায় সেটা শেষ পর্যন্ত সম্ভব হলেও তাসকিনের শাস্তি প্রত্যাহার করানো যায়নি।
এই বিশ্বকাপেই বোলার তাসকিনকে ফিরে পাওয়ার আশা এতে শেষ হয়ে গেলেও এ নিয়ে এখন আর খুব উদ্বিগ্ন নয় বাংলাদেশ দল। যে তিনটি ডেলিভারিতে অ্যাকশন অবৈধ বলা হয়েছে, সেগুলোয় তাঁর হাত বেঁকেছে ১৭ থেকে ২০ ডিগ্রির মধ্যে। এটুকু ত্রুটি সংশোধন করা খুব বেশি কঠিন কাজ নয় বলেই মনে করছে সবাই। তবে সানির ক্ষেত্রে কাজটা সহজ হওয়ার কথা নয়। ত্রুটিপূর্ণ অ্যাকশনগুলোয় তাঁর হাত নাকি ২৫ থেকে ৩০ ডিগ্রি পর্যন্তও বাঁকা হয়েছে!