নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে হকি খেলোয়াড়দের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, কামরুজ্জামান রানা ও ইমরান হাসান পিন্টুদের নিষেধাজ্ঞা ফেডারেশন প্রত্যাহার করে নিয়েছে গত বছর নভেম্বরে। তবে এখনো হকি ফেডারেশনের দেওয়া নিষেধাজ্ঞার খড়্গ মাথার ওপর ঝুলছে রাসেল খান বাপ্পী, আসাদুজ্জামান চন্দন, আরিফুল হক প্রিন্স ও শামসুদ্দিন তুহিনের ওপর। বাপ্পীর ১০ বছরের নিষেধাজ্ঞা রয়েছে, বাকিদের পাঁচ বছর করে। এ ছাড়া এঁদের নামে কোচ লাঞ্ছনা এবং খেলোয়াড়দের অনুশীলনে বাধা দেওয়ার মামলাও আছে পল্টন থানায়। এই খেলোয়াড়দের জন্য সুখবর—খুব দ্রুতই উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা। এমনকি মামলাগুলোও তুলে নেওয়া হতে পারে।

কাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক এমন আভাসই দিলেন, ‘গত জিবির (কার্যনির্বাহী কমিটির) মিটিংয়েই এই খেলোয়াড়দের নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে আলোচনা হয়েছিল। আগামী ৭ নভেম্বরের মিটিংয়ে হয়তো এদের সব রকমের শাস্তি উঠে যাবে।’

জাতীয় দলের ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন খবরটা শুনে খুব উচ্ছ্বসিত, ‘আমরা অনেক দিন ধরে এই সাসপেনশন ওঠার অপেক্ষায় আছি। আমি নিজে ওই ঘটনার দিন মাঠে ছিলাম না। আবাহনী ক্লাবে ছিলাম। আমার ওপর একেবারে অবিচার করা হয়েছিল। আশা করি ফেডারেশন আমাদের শাস্তি তুলে নিয়ে মাঠে ফেরার সুযোগ করে দেবে।’