নিষেধাজ্ঞা থেকে মুক্তি মোহনবাগানের
এই মৌসুমের বাকি অংশটায় তো বটেই, আগামী দুই মৌসুমেও আই-লিগ থেকে নিষিদ্ধ করা হয়েছিল মোহনবাগানকে। ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটির অপরাধ, ইস্ট বেঙ্গলের বিপক্ষে মাঝ বিরতির পর আর মাঠে না নামা। গত ৯ ডিসেম্বর সল্টলেকের যুবভারতীতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে দর্শকদের ছোড়া ঢিলে ক্লাবের এক খেলোয়াড় আহত হওয়ার পর মাঠে নামতে রাজি হয়নি মোহনবাগান। এ কারণেই দেওয়া হয় এই শাস্তি। মোহনবাগান সমর্থকেরা অবশ্য একটি সুখবর পাচ্ছেন। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এর বদলে অবশ্য বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে ক্লাবটিকে। অঙ্কটা দুই কোটি রুপি। নিয়ম ভঙ্গ করায় আরও কিছু শাস্তি পেতে হচ্ছে কলকাতার ক্লাবটিকে। এই মৌসুমের বাকি অংশ তারা শূন্য পয়েন্ট থেকে শুরু করবে। ১৪ দলের লিগের মাঝপথে তাই এখন সবার নিচে মোহনবাগান। রেলিগেশন এড়ানোর যুদ্ধেও নামতে হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে আর নিয়ম লঙ্ঘন করবে না, এমন লিখিত প্রতিশ্রুতিও দিতে হবে ক্লাবটিকে। এ ব্যাপারে অবশ্য এখনো মোহনবাগানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ইস্ট বেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ এখনো ক্রিকেট-উন্মাদ ভারতে স্রোতের মতো টেনে আনে মানুষ। গত ম্যাচটিতেই যেমন এসেছিল ৮৫ হাজার। সেই ভিড় থেকে ছোড়া ঢিলেই মারাত্মক আহত হন মোহনবাগানের সৈয়দ রহিম নবী। অস্ত্রোপচারের পর ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলা এই উইঙ্গার। এএফপি।