নিষেধাজ্ঞা পেলেন শিলিংফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন শিলিংফোর্ড
শেন শিলিংফোর্ড

নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সফল বোলার ছিলেন শেন শিলিংফোর্ড। শেষ দুটি টেস্টে শিকার করেছিলেন ছয়টি উইকেট। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টটা শিলিংফোর্ডকে ছাড়াই খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছেন এই ডানহাতি অফস্পিনার।
গত নভেম্বরে ভারত সফরের সময়ই আইসিসির সন্দেহের খাতায় নাম উঠেছিল শিলিংফোর্ডের। নভেম্বরের ২৯ তারিখে নেওয়া হয়েছিল তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা। সেই পরীক্ষায় পাস করতে পারেননি এই উইন্ডিজ স্পিনার। যার ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরেই থাকতে হবে শিলিংফোর্ডকে। এই নিষেধাজ্ঞার ফাঁড়া কাটানোর জন্য এখন আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন সংশোধন করতে হবে তাঁকে। নতুন করে পরীক্ষা দিয়ে পাস করতে পারলেই কেবল ফিরতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে।
নিষেধাজ্ঞার মুখে পড়ার অভিজ্ঞতা অবশ্য শিলিংফোর্ডের নতুন না। ২০১০ সালে ক্রিকেট ক্যারিয়ার শুরুর পরে সে বছরই একবার পেয়েছিলেন নিষেধাজ্ঞা। ২০১১ সালের জুনে আইসিসির সবুজসংকেত পাওয়ার পর আবার ফিরেছিলেন ক্রিকেট অঙ্গনে।