নিষেধাজ্ঞার খড়গে অ্যালেগ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণকালে এর চেয়ে বাজেভাবে এসি মিলান লিগ কখনো শুরু করেছে বলে মনে করা কঠিন। প্রথম চার ম্যাচের তিনটিতেই হার। বিনিদ্র রাতই কাটার কথা মাসিমিলিয়ানো অ্যালেগ্রির। মড়ার ওপর খাঁড়ার ঘার মতো যোগ হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা। গত রোববার উদিনেসের মাঠে ২-১ গোলে হেরে বসেছিল মিলান। সেই ম্যাচ শেষে খেলোয়াড়েরা টানেল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় রেফারির কাছে প্রতিবাদ জানাতে থাকেন অ্যালেগ্রি। ব্যাপারটা মাত্রা ছাড়িয়ে যাওয়ায় বুধবার ক্যালিয়ারির সঙ্গে ম্যাচটা দর্শকের সারি থেকেই দেখতে হবে মিলান কোচকে।এমনিতেই দলের সংকটজর্জর অবস্থা, তার ওপর মিলান কোচ জড়িয়ে পড়ছেন অনাকাঙ্ক্ষিত বিতর্কে। কয়েক দিন আগেই সাবেক মিলান স্ট্রাইকার ফিলিপ্পো ইনজাগির সঙ্গে ভালোই বাহাসে জড়ান অ্যালেগ্রির। ইনজাগি আবার মিলানের যুবদলের কোচ। অ্যালেগ্রির দাবি, ইনজাগি তাঁকে হটিয়ে কোচের আসনে বসতে চান। ইনজাগির অভিযোগ, অ্যালেগ্রি তাঁর কাজটাকে ‘সিরিয়াসলি’ নিচ্ছেন না। এই চাপান উতোর পরে দুজনই অবশ্য অস্বীকার করেছেন। এএফপি।