নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাট ও আমিরের আপিল
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সালমান বাট ১০ আর মোহাম্মদ আমির পাঁচ বছরের জন্য নিষিদ্ধ। নিষেধাজ্ঞা পাওয়ার ২১ দিন পর আইসিসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের এ দুই ক্রিকেটার। একই দিন সাত বছরের নিষেধাজ্ঞা পেলেও মোহাম্মদ আসিফ আপিল করবেন কি না, এ সিদ্ধান্ত এখনো জানাননি।আইসিসির নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, বাট পাঁচ ও আসিফ দুই বছর শাস্তিভোগের সময় কোনো ধরনের অন্যায় না করলে তাঁদের নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর কথা বিবেচনা করা হতে পারে। ৫ ফেব্রুয়ারি দোহায় আইসিসির সদর দপ্তরে কয়েক ঘণ্টার দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়, ওভাল টেস্টে ব্যাট করার সময় বাট একটি ওভার মেডেন দিতে সম্মত হয়েছিলেন বলে যে অভিযোগ রয়েছে, তা প্রমাণিত হয়নি। তবে বাজিকর মাজিদের প্রস্তাব পাওয়ার পরও তিনি আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে তা স্বীকার করেননি।ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে যে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে একটি ‘নো বল’ করতে সম্মত হয়েছিলেন আসিফ। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ‘নো বল’ করেন তিনি। আর আমির বাজিকরের সঙ্গে পূর্ব চুক্তি অনুযায়ী ওই লর্ডস টেস্টেই ইচ্ছাকৃতভাবে দুটি নো বল করেন। আইসিসির তদন্তে প্রমাণিত হয়েছে, এসব নো বলের ক্ষেত্রে অধিনায়ক বাটের সংশ্লিষ্টতা ছিল। ওয়েবসাইট।