নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাটের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান বাট। চলতি মাসের গোড়ার দিকে বাটসহ দুই সতীর্থ মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।বাটের আপিলের খবর নিশ্চিত করে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত স্কাই স্পোর্টস নিউজকে আজ বুধবার বলেন, ‘গতকালই সালমান বাটের আপিল হাতে পেয়েছি আমরা। তবে তাঁর দুই সতীর্থ মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ এখনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেনি।’ এরপর লরগাত যোগ করেন, ‘বাটের আপিলের ওপর শুনানি হবে। অভিযুক্ত তিনজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদেরকে সহায়তা দিয়ে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান।’ক্রিকেটের সঙ্গে দুর্নীতি জড়িয়ে গেছে কি না প্রশ্নে হারুন লরগাত বলেন, ‘আমি এসবে বিশ্বাস করি না। আমার মনে হয়, এখনো যথেষ্ট ভালো ও সত্যনিষ্ঠ ক্রিকেটার আছেন, খারাপদের সংখ্যা খুবই অল্প। আর এ অল্পসংখ্যক ক্রিকেটারের ওপর নজর রাখছি আমরা।’আইসিসির দুর্নীতিবিরোধী আইনের ২ নম্বর ধারা অনুযায়ী আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের। তার পরও আগামী মাসে অনুষ্ঠেয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিন ক্রিকেটারকেই তাঁদের নিজ নিজ দলে রাখা হয়েছে।—রয়টার্স