নিষেধাজ্ঞায় আরও ছোট রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রিও অলিম্পিকে নিষিদ্ধ করেনি রাশিয়াকে। সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হয়েছে প্রতিটি খেলার আন্তর্জাতিক ফেডারেশনের ওপর। ঘোষণাটা প্রথমে স্বস্তি হয়েই এসেছিল রাশিয়ার জন্য। রাশিয়ার প্রাথমিক প্রতিক্রিয়ায় তা-ই মনে হয়েছে। কিন্তু এখন বোধ হয় সেই স্বস্তি কেটে গিয়ে শঙ্কা ভর করেছে রাশিয়ার ওপর। ফেডারেশনগুলো যে একের পর একের নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে রুশ খেলোয়াড়দের! এভাবে চলতে থাকলে রিও অলিম্পিকে শেষ পর্যন্ত রাশিয়া দলের কী অবস্থা দাঁড়াবে?
রাশিয়াকে সর্বশেষ বড় ধাক্কাটা দিয়েছে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন (আইডব্লুএফ)। রাশিয়ার পুরো ভারোত্তোলন দলকেই ডোপিং কেলেঙ্কারির দায়ে নিষিদ্ধ করা হয়েছে। যে দলে ছিলেন পাঁচজন পুরুষ ও তিনজন নারী ভারোত্তোলক। এর মধ্যে আছেন ২০১২ লন্ডন অলিম্পিকে নিজের ইভেন্টে সোনাজয়ী আর্তেম ওকুলভ, রুপাজয়ী তাতিনা কাশিরিনা ও ব্রোঞ্জজয়ী রুসলান আলবেগভ।
কয়েক দিন আগেই আইওসি জানিয়েছিল, তারা ২০০৮ ও ২০১২ অলিম্পিকের খেলোয়াড়দের ডোপ পরীক্ষার নমুনা পুনর্বিশ্লেষণের যে উদ্যোগ নিয়েছে, তাতে নতুন করে ১১ জন ডোপপাপী পাওয়া গেছে। রুশ এই তিন ভারোত্তোলকের নাম ছিল সেই ডোপপাপীদের মধ্যে। রাশিয়ার ভারোত্তোলন দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়ে আইডব্লুএফ এক বিবৃতিতে বলেছে, ‘এই রুশ ভারোত্তোলকদের কারণে একাধিকবার বিভিন্ন পর্যায়ে ভারোত্তোলন ফেডারেশনের গুরুতর সম্মানহানি হয়েছে। এ কারণেই খেলাটির মর্যাদা রক্ষায় যথাযথ সিদ্ধান্তটি নিতে হয়েছে।’
সব মিলিয়ে রিও অলিম্পিকের জন্য রাশিয়ার যে ৩৮৭ জনের দল দিয়েছিল সেখান থেকে ১১৭ রুশ অ্যাথলেটই নিষিদ্ধ হয়ে গেছেন গতকাল পর্যন্ত। যাঁদের মধ্যে আছেন আগেই নিষিদ্ধ হওয়া ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ৬৭ জনও। এর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি (২২ জন) রুশ অ্যাথলেটকে নিষিদ্ধ করেছে রোইং ফেডারেশন। আবার উল্টোটাও হয়েছে। টেনিস ও আর্চারি ফেডারেশন যেমন রিওতে অংশগ্রহণের ছাড়পত্র দিয়েছে রাশিয়াকে। গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বক্সিং, গলফ, জিমন্যাস্টিকস ও তায়কোয়ান্দো।
রুশ খেলোয়াড়দের একের পর এক এই নিষেধাজ্ঞার খবরে ভীষণ খেপেছেন সাবেক হ্যামার থ্রোয়ার সের্গেই লিটভিনভ। স্নায়ুযুদ্ধের সময় রাশিয়া ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস বয়কট করায় লিটভিনভ সেই আসরে অংশ নিতে পারেননি। এবার ডোপিং কেলেঙ্কারির কারণে রিওতে থাকছেন না তাঁর ছেলে ৩০ বছর বয়সী হ্যামার থ্রোয়ার লিটভিনভ জুনিয়র। সব দেখেশুনে লিটভিনভ সিনিয়রের ধারণা, স্নায়ুযুদ্ধের সময়ের রাজনীতিই ফিরে এসেছে আবার। আর এই রাজনীতির খেলায় রাশিয়ার নিষ্ক্রিয় ভূমিকারও কড়া সমালোচক লিটভিনভ। তবে শেষ পর্যন্ত এ লড়াইয়ে কোনো পক্ষেরই লাভ হবে না বলেই মনে করেন লিটভিনভ, ‘এর মধ্যে ভালো কিছুই নেই।’
রাশিয়া অবশ্য একেবারে হাত গুটিয়ে বসে নেই। ইতিমধ্যে অলিম্পিক থেকে নিষিদ্ধ রুশ ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো হুমকি দিয়েছেন, ‘আমরা এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেওয়ানি আদালতে আপিল করব। এটা করতে হবে আমাদের সম্মান ও মর্যাদা রক্ষার জন্যই।’
তবে একই সঙ্গে মুতকো এটাও জানিয়েছেন, এই আপিলটা করা হবে অলিম্পিকের পর! এএফপি।
কোন খেলার কতজন নিষিদ্ধ
৬৭ ট্র্যাক অ্যান্ড ফিল্ড
২২ রোইং
৮ ভারোত্তোলন
৭ সাঁতার
৫ ক্যানোয়িং
৩ সাইক্লিং
২ মর্ডার্ন পেন্টাথলন
১ ফ্রি স্টাইল রেসলিং
১ ভলিবল
১ সেইলিং
* গতকাল পর্যন্ত