নিষ্পত্তি শেষ দিনেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত রান তুলতে পারেন না বলে তাঁর নাম হয়ে গেছে ‘টুকটুক’। দুবাইয়ে কাল তাঁর কাছ থেকে টুকটুক করা ব্যাটিংই চাইছিল পাকিস্তান। মিসবাহ করেছেনও সেটা। উইকেটে গেড়ে বসেছিলেন পাকিস্তানি অধিনায়ক। স্বভাবসুলভ ব্যাটিংয়ে ২৪৮ বলে ৯৭ রান করে আউট হয়েছেন, ধৈর্যের পুরস্কার প্রাপ্য সেঞ্চুরিটা পাননি। তবে দল ঠিকই পেয়ে গেছে পুরস্কার। মিসবাহর পর দারুণ ব্যাটিংয়ে প্রথম টেস্ট ফিফটি পেয়েছেন উইকেটকিপার সরফরাজ আহমেদ। চার দিনের মধ্যেই হারের শঙ্কায় পড়া পাকিস্তান ম্যাচটাকে নিয়ে গেল শেষ দিনে। কাল চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩৩০ করা পাকিস্তান ম্যাচ জেতারই ‘দুঃসাহসী’ স্বপ্ন দেখছে।

কাল দুবাই টেস্টের চতুর্থ দিনের প্রায় পুরো সময়ই ব্যাটিং করে মাত্র ১৯৮ রান তুলেছে পাকিস্তান। হারিয়েছে মাত্র ৪ উইকেট। বৃষ্টি ও আলোকস্বল্পতায় কাল খেলা শেষ হয়েছে ১৫ ওভার আগেই। আজ রোববারও আছে বৃষ্টির পূর্বাভাস, ১০৭ রানের লিডটাকে পাকিস্তান যদি আরও কিছুটা বাড়িয়ে নিতে পারে, জয়টা শ্রীলঙ্কার মুঠো থেকে বেরিয়েও যেতে পারে।

১৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর আগের দিনই হাল ধরেছিলেন ইউনিস খান ও মিসবাহ-উল-হক। জুটিতে ১১৩ রান হয়ে গিয়েছিল আগের দিনই। কাল আরও ১৬ রান যোগ করার পরই ইনিংসে প্রসন্ন জয়াবর্ধনের চতুর্থ ক্যাচ হলেন ইউনিস খান। মনোযোগটা টলে গিয়েছিল, সুরঙ্গা লাকমলের বলটাকে কাট করতে গিয়েই আউট সাবেক অধিনায়ক। উইকেটের অন্য পাশে বর্তমান অধিনায়ক তখন পুরোপুরিই নিশ্চল। দিনের প্রথম ঘণ্টায় একটা রানও না নেওয়া মিসবাহ প্রথম রান পেলেন ৩৮তম বলে। ইউনিসের বিদায়ের পর প্রথমে আসাদ শফিককে নিয়ে ৫২ ও পরে সরফরাজের সঙ্গে ৪৫ রানের জুটি মিসবাহর। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিটা পেতেও পেতেও হারানো মিসবাহ বোল্ড হয়েছেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের দুর্দান্ত এক বলে।

২৪৫ রানে মিসবাহ যখন ফিরলেন, ইনিংস হারের শঙ্কা দূর হয়েছে মাত্র। ২২ রানে এগিয়ে যাওয়া পাকিস্তানের সামনে তখনো চার দিনেই হেরে যাওয়ার শঙ্কা। মাত্র পঞ্চম টেস্ট খেলতে নামা সরফরাজ দাঁড়িয়ে গেলেন তখনই। আরেক অনভিজ্ঞ বিলাওয়াল ভাট্টিকে নিয়ে সপ্তম উইকেটে ৬৭ রান যোগ করা এই উইকেটকিপার অবশ্য ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন। ৫১ রানে নিজের বলেই তাঁর সহজ ক্যাচ ছেড়েছেন লাকমল।

৭০ রানে অপরাজিত এই ব্যাটসম্যানের চোখে এখন ম্যাচ জয়ের স্বপ্ন, ‘আমি রোববারও (আজ) লড়াইটা চালিয়ে যাব। আমরা যদি আরও ১০০ রান যোগ করতে পারি তবে আমরা এই ম্যাচটা জিততেও পারি।’ তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো।