নিষ্ফলা ‘ড্রেস রিহার্সেল’
সিগনাল ইদুনা পার্কে কাল চ্যাম্পিয়নস লিগের ‘পোশাকি মহড়া’ শেষ পর্যন্ত নিষ্ফলাই থাকল। বরুসিয়া ডর্টমুন্ড আর বায়ার্ন মিউনিখের কেউই একে অন্যকে ছাপিয়ে যেতে পারল না। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে পেনাল্টি মিস করে খলনায়ক বনে গেলেন রিয়ালকে চার গোল করে উড়িয়ে দেওয়া রবার্ট লেভানডফস্কি। সেই সঙ্গে বুন্দেসলিগার এই মহারণ সাক্ষী হয়ে থাকল লাল কার্ড, দুই দলের কোচ-খেলোয়াড়দের তর্কাতর্কি আর বচসার। বায়ার্ন মিউনিখ ইতিমধ্যেই চ্যাম্পিয়নসশিপ নিশ্চিত করে ফেলায় আপাত গুরুত্বহীন এই ম্যাচেও কিন্তু শেষ অবধি বড় হয়ে উঠেছিল নিজেদের মর্যাদা রক্ষার ব্যাপারটি।এই মাঠেই সপ্তাহ দুই আগে চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম পর্বে রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। কাল সেই মাঠে বায়ার্ন মিউনিখকে পেয়ে প্রথম থেকেই জ্বলে ওঠেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ১১ মিনিটের মাথায় গ্রসক্রুয়েজের সুযোগ-সন্ধানী গোলে এগিয়ে যায় বরুসিয়া। গোল করে এগিয়ে যাওয়ার পরের ১০ মিনিট খেলা ছিল তাদেরই নিয়ন্ত্রণে। কিন্তু ধীরে-সুস্থে নিজেদের গুছিয়ে নিয়ে বায়ার্ন ২৩ মিনিটে সমতা ফিরিয়ে আনে। গোল করেন মারিও গোমেজ। গ্রসক্রুয়েজ গোল করেন ব্লাসিকোয়েস্কির দারুণ এক ক্রস থেকে চলন্ত বলে পা ছুঁইয়ে। মারিও গোমেজের সমতাসূচক গোলটিও ছিল ক্রস থেকে। তবে তিনি গোলটির জন্য পা ব্যবহার করেননি। তাঁর দুর্দান্ত হেডওয়ার্কই যথেষ্ট ছিল বরুসিয়া গোলরক্ষক রোমান ওয়াইডেনফেলারকে পরাস্ত করতে। একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে মারিও গোমেজের মাথায় বল তুলে দেন রাফিনহা। সমতায় আসার পর আক্রমণ-পাল্টা আক্রমণের স্রোতের মাঝখানে বরুসিয়া পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি রবার্ট লেভানডফস্কি।খেলাটি উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে। একটি আক্রমণ থেকে বল নিয়ে বায়ার্নের পেনাল্টি বক্সে ঢুকে পড়েন কেভিন গ্রসক্রুয়েজ। কিন্তু মিনিট খানেক আগেই হলুদ কার্ড দেখা রাফিনহা এ সময় তাঁকে কনুই মেরে বসেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের ক্ষোভ উগড়ে দিতে থাকেন রাফিনহা। ব্যাপারটি নিয়ে বরুসিয়া কোচ ক্লপ প্রতিবাদ করলে তাঁর সঙ্গে বচসা শুরু হয় বায়ার্ন মিউনিখ-কর্তা সাবেক জার্মান তারকা ম্যাথিয়াস সামারের। ম্যাচ কর্তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে এলেও এর রেশ ছিল খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। অনেক পয়েন্টে এগিয়ে থেকে ইতিমধ্যে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করা বায়ার্ন কাল মাঠে নেমেছিল ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন, বাস্তেইন শোয়েনস্টাইগার, ফিলিপ লাম ও টমাস মুলারকে ছাড়াই। মার্টিনেজও মাঠে নামেননি। বরুসিয়া বসিয়ে রেখেছিল গোটশে, হামেলস ও বেনডারকে। হালকা ব্যথা পাওয়ায় কোচ ক্লপ মাঠ থেকে তুলে নেন গ্রান্দেজানকে। সব মিলিয়ে বরুসিয়া ও বায়ার্নের মধ্যে একে অন্যের শক্তি আড়াল করার একটা প্রবণতা দেখা গেছে কাল। কিন্তু শেষ অবধি দুই দলের তারকাদের অনুপস্থিতিও দুই জার্মান জায়ান্টের লড়াইকে ম্রিয়মাণ হতে দেয়নি এতটুকু। রয়টার্স।