নিস্তরঙ্গ দিনে ইংলিশদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে কেটে গেছে নয় বছর, খেলছেন ৮৯ নম্বর টেস্ট। টেস্ট সেঞ্চুরি করেছেন সাতটি দেশে, আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ছিলেন অনেক দিন। এত দিনে এসে যদি শুনতে হয় নবীন, তাহলে সেটা তো অপমানজনকই!ইয়ান বেলকেও হজম করতে হয়েছে এই ‘অপবাদ’। প্রথম ইনিংসে দৃষ্টিকটুভাবে আউট হওয়ার পর নিজের কলামে বেলকে ধুয়ে দিয়েছিলেন সাবেক অধিনায়ক নাসের হুসেইন। আঁতে ঘা বুঝি যথেষ্টই লেগেছিল। দ্বিতীয় ইনিংসেই তাই দেখা গেল পরিণত বেলকে। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় আঁকড়ে রয়েছেন উইকেটে। একে একে বিদায় নিয়েছেন সতীর্থ সব বিশেষজ্ঞ ব্যাটসম্যান, কিন্তু বেল এক প্রান্ত আগলে রেখে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডকে। ১২৭ বলে ছুঁয়েছেন ফিফটি, দিনের শেষে অপরাজিত ছিলেন ২২৮ বলে ৯৫ রানে। ক্যারিয়ারের আঠারোতম টেস্ট সেঞ্চুরির আশায় খেলতে নামবেন আজ। কালকের এমন লড়িয়ে ইনিংসটির পথে চতুদর্শ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ৬ হাজার রানের মাইলফলক। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ৩২৬, লিড ২৬১। ম্যাচের প্রথম দুই দিন যেন তাল ধরেছিল অ্যাশেজ-পূর্ব আলোচনা-আলোড়নের সঙ্গে। অ্যাগারের অবাক অভিষেক, প্রথম দিনে আবারও সিডলের ৫ উইকেট, এক দিনেই ১৪ উইকেটের পতন, দ্বিতীয় দিনে অ্যাগারের ইতিহাস গড়া ইনিংস আর শেষ উইকেটের রেকর্ড জুটি, অ্যান্ডারসনের ট্রেন্ট ব্রিজের সফলতম বোলার হওয়া—প্রথম দুই দিন পরতে পরতে ছিল রোমাঞ্চ, নাটকীয়তা, উত্তেজনা আর ঘটনা। কাল তুলনায় যথেষ্টই নিস্তরঙ্গ এক দিন। অবশ্য উইকেটেরও একটা ভূমিকা আছে এতে। অনেকটাই মন্থর হয়ে এসেছে উইকেট, যেখানে সিম মুভমেন্ট ও গতি খুব বেশি পাননি অস্ট্রেলিয়ান পেসাররা। বল ব্যাটে আসছিল থেমে, শট খেলা ছিল মুশকিল। ইংলিশ ব্যাটসম্যানদের মন ছিল তাই উইকেটে পড়ে থাকার দিকে।অস্ট্রেলিয়ার হয়ে কালও সবচেয়ে সফল অভিষিক্ত অ্যাগার, এবার নিজের মূল কাজে। চারটি উইকেট নিতে পেরেছে অস্ট্রেলিয়া, দুটিই এই বাঁহাতি স্পিনারের। তবে সব মিলিয়ে দিনটি অনেকটা হতাশারই ছিল অস্ট্রেলিয়ার জন্য। আগের দিন ইংল্যান্ড ইনিংসের শুরুতেই ওই দুটি উইকেটের পর খুব সহজে আর উইকেটের দেখা মেলেনি। আগের বিকেলে প্রতিরোধ গড়া কুক-পিটারসেন কাল সকালেও প্রথম ঘণ্টাটা কাটিয়ে দিয়েছিলেন নির্বিঘ্নে। উইকেটের চরিত্র বুঝে খেলার ধরন বদলেছিলেন পিটারসেনও, ফিফটি ছুঁতে লেগেছে ১২০ বল। এই পরিশ্রমে অবশ্য জল ঢেলে দিয়েছেন প্যাটিনসনের বল স্টাম্পে টেনে এনে।কুক ছিলেন আরও সাবধানী, ফিফটি ছুঁতে লেগেছে ১৬৪ বল! তবে পিটারসেনকে অনুসরণ করলেন ইংলিশ অধিনায়কও। ক্যারিয়ারের মন্থরতম ফিফটির পর অ্যাগারকে উপহার দিলেন প্রথম টেস্ট উইকেট। অ্যাগার পরে ফিরিয়েছেন বেয়ারস্টোকে। মন্থর উইকেটেও নিজের মতো শট খেলেছেন প্রায়র। এরপর বেলের সঙ্গে দাঁড়িয়ে গেছেন স্টুয়ার্ট ব্রড। ১২২ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। সপ্তম উইকেটে গড়েছেন ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি। ওয়েবসাইট।