নিস্তরঙ্গ বিশ্বকাপে উইন্ডিজের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ বিশ্বকাপে বাংলাদেশ জেগে উঠছে হঠাৎ হঠাৎ আসা দমকা হাওয়ায়। প্রতিটা ম্যাচের আগে-পরে তুমুল হইহুল্লোড়। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর দিনকয়েক সব নীরব-নিস্তরঙ্গ। আরেকটা ম্যাচ কাছে এলে আবারও নড়তে শুরু করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। মানুষের মধ্যে ফিরে আসে বিশ্বকাপ।ভারত ম্যাচের পর এটা হয়েছে, আয়ারল্যান্ড ম্যাচের পরও হচ্ছে। আয়ারল্যান্ড দল ঢাকায় ছিল বলে তাও ভারত ম্যাচের পর অন্তত স্টেডিয়াম এলাকাটা সরগরম ছিল। দুই বেলা দুদলের প্র্যাকটিস হতো, তাই দেখতে লোকজনের ভিড়। কিন্তু আয়ারল্যান্ড ম্যাচের পর ঢাকায় বিশ্বকাপের সময়টা যেন দ্বিপক্ষীয় সিরিজের চেয়েও মন্থর! হওয়ারই কথা। বাংলাদেশে বিশ্বকাপ হচ্ছে, অথচ চার দিন ধরে এ দেশে বাংলাদেশ ছাড়া আর কোনো দল নেই! ৪ মার্চ পরের ম্যাচটা বাংলাদেশ যাদের বিপক্ষে খেলবে, সেই ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায় এসে পৌঁছাবে আজ দুপুরে।চট্টগ্রামের ম্যাচ দুটির মাঝখানে তিন দিনের বিরতি। নইলে বিশ্বকাপে বাংলাদেশ পর্বের ফিকশ্চারটাই এমন হয়েছে যে, বিশ্বকাপ নিয়ে উত্তেজনাটা এখানে প্রতিদিনই একই উত্তাপ ছড়াবে না। ঢাকার প্রতিটি ম্যাচের মাঝে বিরতি থাকছে পাঁচ-ছয় দিন করে। সাকিব আল হাসানের দল দেশে বসে বসে অপেক্ষা করছে, আর কয়েক দিন পরপর একেকটা দল এসে তাদের বিপক্ষে খেলে যাচ্ছে। এটাই যদি বিশ্বকাপ হয়, এ নিয়ে প্রতিদিন ব্যস্ত থাকার কী আছে? ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগের ছয় দিনের বিরতিতে কোচ জেমি সিডন্স তাই তিন দিন প্র্যাকটিসের সঙ্গে তিন দিন বিশ্রামও দিয়েছেন খেলোয়াড়দের। এখন পর্যন্ত দুই ম্যাচের পরই বাংলাদেশ দল ছুটি কাটিয়েছে দুই দিন করে। আয়ারল্যান্ড ম্যাচের পর অনুশীলন হলো কেবল কালই। আজ আবার ছুটি, সকালে প্র্যাকটিস থাকলেও সবার জন্য বাধ্যতামূলক নয়।কালকের অনুশীলনে খুব ভারী কিছু হয়নি।্রশরীর চাঙা রাখার জন্য যা যা করা দরকার শুধু সেসবই করলেন ক্রিকেটাররা। নেটে বোলিং-ব্যাটিং হয়েছে হালকা মেজাজে।্রএর মধ্যে তামিম ইকবাল আবার মাঠে এসেও অনুশীলন করলেন না। গত ম্যাচে ক্যাচ নিতে গিয়ে পাওয়া ব্যথাটা এখনো আছে, হাতের ওপরের অংশ একটু ফোলাও। অনুশীলন শেষে একাডেমি মাঠ ছেড়ে যাওয়ার সময় আফসোস করলেন, ‘ব্যথার জন্য প্র্যাকটিস করতে পারলাম না।’ অবশ্য হাতের হাড়ে সমস্যা না থাকায় তামিম পরের ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী।অনুশীলনের চেয়ে অনুশীলনের আগের সেশনটাই কাল বেশি গুরুত্বপূর্ণ ছিল। গত ম্যাচে কী কী ভুল ছিল, কোন কোন জায়গায় উন্নতি দরকার—এসব নিয়ে আলোচনা হয়েছে নিজেদের মধ্যে। অনুশীলন শেষে ব্যাটসম্যান রকিবুল হাসান সংক্ষেপে বর্ণনা করলেন, ‘গত ম্যাচ নিয়ে নিজেদের মধ্যে বিশ্লেষণ হয়েছে। আমরা কোন জায়গায় ভালো করেছি, কোন কোন জায়গায় আরও ভালো করতে পারতাম, এসব নিয়ে কথা হয়েছে।’ আলোচনায় উন্নতির জায়গাগুলো আলাদা করেই দেখিয়েছেন সিডন্স। তামিম-ইমরুল গত ম্যাচের মতো ভালো শুরু দিলে সেটাকে ধরে রাখতে হবে। পাওয়ার প্লের ব্যাটিং, রকিবুল-জুনায়েদের রান আউট হয়ে যাওয়া—গত ম্যাচের ভুল-ত্রুটির তালিকায় এসেছে এসবও। রকিবুল নিজেও মানছেন, ‘আমার এবং জুনায়েদের রান আউট দুটির মূল্য দিতে হয়েছে। জুনায়েদ, আমি দুজনই ভালো খেলছিলাম। আমি উইকেটে থাকলে যেটা হতো—পরে নাঈমের সঙ্গে একটা ভালো জুটি হতে পারত।’শুধু ভুল-ত্রুটির ম্যাচই নয়, আয়ারল্যান্ড ম্যাচ কোনো কোনো জায়গায় আশার আলোও জ্বালছে। বাজে অবস্থায় থেকেও ম্যাচ বের করে আনার সাফল্য দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে জানালেন রকিবুল, ‘একটা সময় আয়ারল্যান্ডের বলের চেয়ে রান কম দরকার ছিল। ওই জায়গায় শফিউলের ব্রেক থ্রু ম্যাচের গতিই বদলে দিয়েছে। এ রকম হলে টিম স্পিরিট বাড়ে। আমাদের মনের মধ্যে এখন এই শক্তিটা কাজ করছে যে বোলিংয়ে একটু খারাপ হলেও ব্যাটসম্যানরা কিছু করবে। আবার ব্যাটিংয়ে রান কম হলে বোলার-ফিল্ডাররা ব্যাকআপ দেবে।’আয়ারল্যান্ড, হল্যান্ড বাদ দিলে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারানোটাই সহজ মনে করছে সাকিবের দল। ৪ মার্চের ম্যাচটা সেই অর্থে কোয়ার্টার ফাইনালে যাওয়ার চাবিও হতে পারে। রকিবুলদের ওই বিশ্বাসের সঙ্গে মাঠের নৈপুণ্যটা মিলে গেলে বিশ্বকাপে নিশ্চয় আবার জেগে উঠবে বাংলাদেশ।