নিয়তি আগেই মেনে নিয়েছেন ডেসকাট!
২০১৫ থেকে বিশ্বকাপ হবে ১০ দলের। ছোটদের জায়গা আর হবে না। আইসিসির এই সিদ্ধান্তের পর থেকেই সহযোগী দেশগুলোয় চলছে প্রতিবাদের ঝড়। নিজেদের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদে যোগ দিচ্ছেন ছোট দলগুলোর ‘বড়’ ক্রিকেটাররাও। আয়ারল্যান্ডের তারকা ব্যাটসম্যান এড জয়েস তো এমনও দাবি করেছেন, আইসিসির এই সিদ্ধান্ত দেশ হিসেবে, ক্রিকেট জাতি হিসেবে তাঁদের পেছনের দিকে ঠেলে দেবে।ছোট দলের ক্রিকেটার হিসেবে জয়েসের কণ্ঠ বেয়েও প্রতিবাদী সুরই নামার কথা। কিন্তু প্রতিবাদ নয়, বাস্তববাদী টেন ডেসকাট বরং আইসিসির এ সিদ্ধান্তকে মেনেই নিচ্ছেন। বড় বিশ্বকাপের বাইরেও আইসিসি নিয়মিত আয়োজন করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হল্যান্ডের অলরাউন্ডার টেন ডেসকাট মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপটাই ছোট দলগুলোর জন্য আদর্শ।ছোট দলের খেলোয়াড় হলেও পরিসংখ্যান ব্যাটসম্যান টেন ডেসকাটকে ‘বড়’র স্বীকৃতি দেয় । মাত্র ২৮টি ওয়ানডেতে ১৩৫৩ রান। ৪টি সেঞ্চুরি, ৮টি হাফ সেঞ্চুরি, গড় ৭১.২১! ২০টির বেশি ইনিংস খেলা বর্তমান ক্রিকেটারদের মধ্যে তাঁর গড়ই সবচেয়ে বেশি! শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও এই ২৮ ম্যাচে ডেসকাট নিয়েছেন ৫০ উইকেট।জন্ম কেপটাউনে। বেড়ে ওঠা, ক্রিকেট-শিক্ষাও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে জাতীয় দলে খেলা হয়নি। পূর্বপুরুষদের সূত্র ধরে ডেসকাট তাই পাড়ি জমান হল্যান্ডে। ২০০৬ সালে হল্যান্ড দলে তাঁর অভিষেক হয়েছে। এখন তো তিনি হল্যান্ড দলের প্রাণভোমরা।নিজের দিনে ছোট দলের এই ক্রিকেটার কতটা ‘বড়’ হয়ে উঠতে পারেন, গত ২২ ফেব্রুয়ারি নাগপুরে সেটা টের পেয়েছে অ্যান্ড্রু স্ট্রাউসের ইংল্যান্ড। ১১০ বলে ১১৯ রান, ১০ ওভার বোলিং করে ৪৭ রানে ২ উইকেট—ইংলিশদের চোখের জল টেনে বের করার জোগাড় করেছিলেন ডেসকাট।ছোট দলের বড় তারকা হিসেবে ডেসকাটের কণ্ঠেই প্রতিবাদটা পেতে পারত বলিষ্ঠ সুর। কিন্তু বাস্তববাদী ডেসকাট বলেছেন, ‘আমার ধারণা, টি-টোয়েন্টিই ছোট দেশগুলোর সেরা সুযোগ। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, ৫০ ওভারের ক্রিকেটের চেয়ে হল্যান্ডকে টি-টোয়েন্টি ক্রিকেটেই নজর দেওয়া উচিত। আমি মনে করি, স্কিলে দক্ষতা অর্জনে টি-টোয়েন্টি ক্রিকেটই সহজ উপায়।’