নিয়তির চক্রে মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাচে ভর দিয়ে, মিডিয়া ম্যানেজারের সাহায্য নিয়ে ডায়াসে উঠলেন। ক্রাচটা তুলে রাখলেন পাশের চেয়ারে। ম্যাচ জেতার সংবাদ সম্মেলনে এভাবে কবে কোন অধিনায়ক এসেছেন?ইনজুরি যাঁর নিয়ত সঙ্গী, সেই মাশরাফি বিন মুর্তজার জন্যই হয়তো অপেক্ষা করছিল ট্র্যাজেডিতে মোড়া এই ‘রেকর্ড’। নিউজিল্যান্ড ইনিংসে নিজের দ্বিতীয় ওভারের একটা বলও করতে পারলেন না। ইনজুরি তাঁকে তুলে নিয়ে গেল বিসিবির মেডিকেল রুমে, যেখান থেকে সহসা কোনো সুখবর আসছে না। মাশরাফি অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে।দুই হাঁটুতে ছয়বার অস্ত্রোপচার হয়েছে। কাল যেখানে ব্যথা পেলেন, সেই ডান অ্যাঙ্কেলের ইনজুরিতেও এর আগে পড়েছেন তিনবার। ম্যাচ শেষে নিজের ইনজুরির চেয়ে দলের জয়টাকে বেশি তুলে ধরলেও সেটা আসলে অধিনায়ক মাশরাফির কথা। নইলে ব্যক্তি মাশরাফি যেন যুদ্ধাহত কোনো সৈনিক! সন্ধ্যায় স্টেডিয়াম ছাড়ার আগে গাড়িতে উঠতে উঠতে ভেঙে পড়ার শব্দই শোনালেন তিনি, ‘কপালটাই খারাপ। এত কষ্ট করলাম গত দেড় মাস, অথচ ঠিকভাবে বোলিংই করতে পারলাম না...।’ ক্রিম রঙের টয়োটা প্রিমিও গাড়ি মাশরাফিকে নিয়ে চলে গেল স্টেডিয়াম ছেড়ে। রেখে গেল কেবলই বিষাদ!৪৮ ঘণ্টার আগপর্যন্ত ফোলা কমানোর জন্য পায়ে বরফ দেওয়াটাই একমাত্র চিকিৎসা মাশরাফির। ৪৮ ঘণ্টা পর বোঝা যাবে ইনজুরির প্রকৃত অবস্থা। অধিনায়কের সঙ্গে কালকের ম্যাচে ইনজুরিতে পড়া নাজমুল হোসেনও ১০ দিনের জন্য চলে গেছেন খেলার বাইরে। তবে বাংলাদেশ দলের জন্য দিনটা যে আরও বেশি বিষাদময় হতে পারত, মাঠ ছাড়ার আগে সেই খবর দিয়ে গেছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান, ‘আজ (গতকাল) তো আমার খেলারই কথা ছিল না। টসের ২ মিনিট আগে সিদ্ধান্ত হয়েছে খেলব। রাতে খুব জ্বর ছিল, সঙ্গে পেট ব্যথা।’ আগের রাতে ঠিক একই অসুস্থতায় ভুগেছেন দলের আরও দুই ক্রিকেটার—মুশফিকুর রহিম আর মোহাম্মদ সোহরাওয়ার্দী।আপাতত তাঁদের নিয়ে আর চিন্তা নেই। শুধু খাবারদাবারে একটু সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে মাশরাফি-নাজমুলের বিকল্প ভাবতেই হচ্ছে নির্বাচকদের। প্রধান নির্বাচক রফিকুল আলম কাল রাতে জানিয়েছেন, ‘শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, ডলার মাহমুদ আর সৈয়দ রাসেলের মধ্য থেকেই দুজন বিকল্প বোলার নেওয়ার চিন্তা করছি আমরা। ফিজিওকে বলা হয়েছে, তাদের ফিটনেস সম্পর্কে জানতে। ফিটনেসের দিক দিয়ে ভালো অবস্থায় আছে, এমন দুজনকেই হয়তো ডাকব আমরা।’মাশরাফি অবশ্য ১৫ জনের দলে থাকা অপর দুই বোলার শফিউল ইসলাম আর রুবেল হোসেনের ওপরও আস্থা রাখছেন। রুবেলের ইনজুরি আগেই সেরে গেছে, শফিউলের তলপেটের ব্যথাও প্রায় নেই। পরের ম্যাচে দুজনকেই খেলার মতো ফিট ভাবছেন তিনি, ‘দুজনই আগের চেয়ে ভালো এখন। রুবেল-শফিউল ওয়ার্মআপে ভালো বল করেছে। যতদূর জানি, শফিউলের ব্যথা অনেকটাই কমে গেছে।’ বিসিবির চিকিৎসক জানিয়েছেন, শফিউলকে চাইলে কালও খেলানো যেত। ঝুঁকি এড়াতেই একাদশের বাইরে রাখা হয়েছে তাকে।তামিম ইকবালের ইনজুরির ধাক্কা লেগেছে সিরিজের আগেই। আর সিরিজের প্রথম ম্যাচে মাশরাফি-নাজমুলের ভেঙে পড়া বাকি চারটা ম্যাচকে কঠিনই করে তুলবে বাংলাদেশ দলের জন্য। তবে মাশরাফি না থাকলে এই চার ম্যাচে দলের নেতৃত্ব থাকবে যাঁর কাঁধে, সেই সাকিব কিন্তু হতাশাবাদীদের দলে নন, ‘ইনজুরি অবশ্যই চিন্তার বিষয়। মাশরাফি ভাই অনিশ্চিত। নাজমুল ভাই খেললেও হয়তো শেষ ম্যাচটা, তাও পুরোপুরি নিশ্চিত নন। মূল দুই বোলারই ইনজুরিতে পড়া সমস্যাই। তবে ব্যাকআপ বোলাররা আশা করি ভালো করবে। বাইরে থেকেও বোলার আনা লাগতে পারে। তারা এখন জাতীয় লিগে খেলছে বলে খেলার মধ্যে আছে। দলে যে-ই আসুক, সবাই ইতিবাচক চিন্তাই করবে বলে আমার আশা।’