নিয়তির থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলফ্রেডো ডি স্টেফানোর স্পেন, রাউল-হিয়েরাদের স্পেন কিংবা আজকের স্পেন; সবার নিয়তি যেন একই সূত্রে বাঁধা। বড় মঞ্চের বাইরে টানা জয়ের রেকর্ড, ফেবারিটের তকমা গায়ে ওঠা—সবই হবে, কিন্তু শেষ বেলায় বিশ্বকাপ এলেই ঘটবে কোনো দুর্ঘটনা! ২০০৬ সালের নভেম্বর মাসে রোমানিয়ার বিপক্ষে হারের পর থেকে গত ৪৯ ম্যাচে মাত্র দুবার হেরেছে স্পেন। তার একটি কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে; যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আরেকটি গত পরশু বিশ্বকাপে, সুইজারল্যান্ডের বিপক্ষে। অঘটনের নিয়মিত শিকার স্পেন এর আগে বিশ্বকাপেই বার তিনেক অঘটনের শিকার হয়েছে। সেগুলোর গল্প শোনা যাক। ১৯৮২উত্তর আয়ারল্যান্ড ১: ০ স্পেনএই ম্যাচটির আগেই স্বাগতিক স্পেন দ্বিতীয় পর্বে উঠে গিয়েছিল। তার পরও দুই দলের কাছেই ম্যাচটির বিশেষ গুরুত্ব ছিল। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পশ্চিম জার্মানি ও ইংল্যান্ডের কঠিন গ্রুপটাকে এড়াতে পারে স্পেন। আর উত্তর আয়ারল্যান্ড এই ম্যাচ জিতলে উঠতে পারে দ্বিতীয় পর্বে। আইরিশদের খেলায় কখনোই মনে হয়নি তারা স্পেনকে হারিয়ে দ্বিতীয় পর্বে খেলতে পারে। তার ওপর ৩০ মিনিটে ১০ জনের দল হয়ে গেল তারা। এরপর? এর পরও চমক বাকি ছিল। ৪৭ মিনিটে গ্যারি আর্মস্ট্রং ম্যাচের একমাত্র গোলটি করলেন। ১৯৯৮নাইজেরিয়া ৩: ২ স্পেন আগের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট স্পেন ১৯৯৮ বিশ্বকাপে এসেছিল দুর্দান্ত বাছাইপর্ব কাটিয়ে। বাছাইপর্বে কোনো ম্যাচই হারেনি স্প্যানিশরা। স্পেনকে টানা ৩১ ম্যাচ অপরাজিত রাখা কোচ হ্যাভিয়ের ক্লেমেন্তে তখনো দলের দায়িত্বে। রাউল গঞ্জালেস, ফার্নান্দো মরিয়েন্তেস, ফার্নান্দো হিয়েরোদের দলকে নিয়ে অনেকেই তখন বড় বড় আশা করছিলেন।সব আশা শেষ হয়ে গেল বিশ্বকাপের প্রথম ম্যাচে; নাইজেরিয়ার বিপক্ষে। ২০ মিনিটে হিয়েরোর গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। ৪ মিনিট পরই সমতায় ফেরান নাইজেরিয়ার আদেপজু। দ্বিতীয়ার্ধের শুরুতে রাউলের গোল আবার এগিয়ে দিয়েছিল স্পেনকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৭২ ও ৭৭ মিনিটে লাওয়াল ও ওলিসেহর গোলে জয় নিশ্চিত করে ফেলে নাইজেরিয়া। এই পরাজয়ের পর গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে প্রথমপর্ব থেকেই বিদায় নিশ্চিত করে ফেলে স্পেন। শেষ ম্যাচে বুলগেরিয়াকে ৬-১ গোলে হারালেও কাজের কাজ হয়নি কিছুই। ২০০২দক্ষিণ কোরিয়া ০ (৫): ০ (৩) স্পেনআবারও দুর্দান্তভাবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে এসেছিলেন রাউল, হিয়েরো, নাদালরা। যথারীতি স্পেনকে নিয়ে আশার ফুলঝুরি ছিল। এবার অবশ্য স্পেনের শুরুটা ভালো হয়েছিল। গ্রুপ পর্বের তিন ম্যাচে প্যারাগুয়ে, স্লোভেনিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়পর্বে উঠেছিল স্প্যানিশরা। এখান থেকেই শুরু হলো নড়বড়ে পথ চলা। আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হয়ে গেল স্পেনের ম্যাচ। এ ম্যাচে পেনাল্টি শুটআউটে (৩-২) বেচে-বর্তে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো রাউলরা। কিন্তু আটকে গেল তাঁরা অন্যতম স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। পার্ক জি সুংয়ের দলের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর ট্রাইব্রেকার এবার মুখ ফিরিয়ে নিল স্পেনের দিক থেকে। জ্যাকুইন পেনাল্টি মিস করলেন, ওদিকে পরপর পাঁচটা শটই পোস্টে পাঠিয়ে দিল কোরিয়ানরা। আরেকবার মাথা নিচু করে বিদায় নিতে হলো স্পেনকে।