নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে
পোর্ট অব স্পেন টেস্টের প্রথম দিনটা ছিল সেয়ানে-সেয়ানে। অস্ট্রেলিয়ার ২০৮ রানের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ তুলে নিয়েছিল ৫টি উইকেট। কিন্তু দ্বিতীয় দিনে ম্যাচের লাগামটা কিন্তু পুরোপুরিই অস্ট্রেলিয়ার হাতে। অসিদের সব কটি উইকেট হারিয়ে করা ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা ৪৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন। আগের দিন ২৬ রানে অপরাজিত থাকা মাইক হাসির ৭৩ রানের কল্যাণেই ৩০০-র কোটা পার হতে পেরেছে অস্ট্রেলিয়া। হাসি রীতিমতো ঘুমপাড়ানি ঢংয়ে ২০৭ বলে ৭৩ রানের এক ‘অনবদ্য টেস্ট ইনিংস’ খেলেন। অবশ্য এ ছাড়া হাসির সামনে আর বিকল্প কিছু ছিল কিনা-সেটাও ভেবে দেখার বিষয়। তবে জেমস প্যাটিনসন হাসিকে সঙ্গ দিয়েছেন নিজের সর্বোচ্চটা দিয়েই। তাঁর অপরাজিত ৩২ রানের ইনিংসটিও কিন্তু অস্ট্রেলিয়ার ৩০০ পেরোনো স্কোরের অন্যতম সহায়ক প্রমাণিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচের শিকার ৫ উইকেট। তিনি তাঁর এই অর্জনের পথে খরচ করেছেন অবশ্য একটু বেশি রান ১০৬। রোচের পাশাপাশি শিলিংফোর্ড ৩টি ও দিওনারাইন ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।অস্ট্রেলিয়ার ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই প্যাভিলিয়নের পথে হাঁটেন ব্রাফেট। ২৬ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ফেরেন এডওয়ার্ডস। পাওয়েল ১৯ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু তাঁকে এলবির ফাঁদে ফেলেন প্যাটিনসন। ব্রাফেটের উইকেটটি নিয়েছেন হিলফেনহস এবং এডওয়ার্ডসকে ফেরান মাইকেল বিয়ার। এরপরই আলোর স্বল্পতার কারণে আম্পায়ার সমাপ্তি টানেন দ্বিতীয় দিনের খেলায়। দ্বিতীয় দিন শেষে পোর্ট অব স্পেন টেস্টে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৬২ রানে। ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটসম্যান, বিশেষ করে ব্রাভো ও চন্দরপালের জুটির ওপরই এই মুহূর্তে নির্ভর করছে অনেক কিছু। ব্রাভো ১৬ ও চন্দরপাল ১ রান নিয়ে আজ শুরু করবেন তৃতীয় দিনের খেলা। রয়টার্স।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ৩১১ (প্রথম ইনিংস, ১৩৫ ওভার)হাসি ৭৩, ওয়াটসন ৫৬, ক্লার্ক ৪৭রোচ ৫/১০৬, শিলিংফোর্ড ৩/৯২, দিওনারাইন ২/৩২ওয়েস্ট ইন্ডিজ ৩/৪৯ ( প্রথম ইনিংস, ২৫.৩ ওভার)পাওয়েল ১৯; বিয়ার ১/২২, হিলফেনহস ১/১২, প্যাটিনসন ১/৬(দ্বিতীয় দিন শেষে, অস্ট্রেলিয়া ২৬২ রানে এগিয়ে, ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে ৭ উইকেট)