নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার হাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিম আমলা অপরাজিত রয়েছেন ৯৩ রানে। ছবি: রয়টার্স
হাসিম আমলা অপরাজিত রয়েছেন ৯৩ রানে। ছবি: রয়টার্স

পোর্ট এলিজাবেথ টেস্টের তিন দিন পার হয়েছে। ইংল্যান্ডকে সদ্য নাস্তানাবুদ করা অস্ট্রেলিয়াকে এখনো ঠিক চেনা যাচ্ছে না। চালকের আসন থেকে দক্ষিণ আফ্রিকাকে কিছুতেই হটাতে পারছে না মাইকেল ক্লার্কের দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৪৭ ওভারে ৪ উইকেটে ১৯২, এগিয়ে ৩৬৯ রানে। এখনো টেস্টের বাকি দুই দিন। ফলে ম্যাচ বাঁচানোর বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে ক্লার্কের দলের সামনে।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে শুরুতে দলীয় ২০ রানের মাথায় দারুণ এক তোপ দাগেন মিচেল জনসন। প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথকে (১৪) প্যাভেলিয়নে ফেরান দ্রুতই। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান ডিন এলগার ফেরেন দলের ৪২ রানের মাথায়। দলের সাময়িক বিপর্যয় সামাল দিতে এগিয়ে আসেন হাশিম আমলা ও ফ্যাফ ডু প্লেসিস। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৭০ রান। পিটার সিডলের শিকার হয়ে প্লেসিস (২৪) ফিরলেও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে আরেকটা লড়াই চালান আমলা। ধারাবাহিকতার প্রতিচ্ছবি ভিলিয়ার্স অবশ্য এ ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেননি। জনসন-আগুন এ দফা তাঁকে পেয়েই বসে। সাজঘরে ফেরার আগে করেন ২৯। এরপর কুইন্টন ডি কককে নিয়ে দিনের বাকি সময়টা নিরাপদে পার করেন আমলা। আমলা অপরাজিত রয়েছেন ৯৩ রানে।
এর আগে তৃতীয় দিন ৩২ ওভারে ১৩৪ রান তুলতেই শেষ ছয়টি উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। ক্লার্কদের প্রথম ইনিংস থামে ২৪৬ রানে। ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেল উভয়ই নেন তিনটি করে উইকেট।