নিয়ম বদল চায় বায়ার্ন-চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ পাশে জন টেরি, রামিরেস, ব্রানিস্লাভ ইভানোভিচ আর রাউল মিইরেলেস। ও পাশে ডেভিড আলাবা, লুইজ গুস্তাভো আর হোলগার বাডস্টুবার। নিষেধাজ্ঞার খাঁড়ায় কাটা পড়ে দুই দলের প্রথম একাদশের সাত খেলোয়াড় থাকতে পারছেন না এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার নিয়মটি অনেক কড়া হয়ে গেছে। বিশ্বকাপে এখন থেকে হলুদ কার্ডের ব্যাপারে ছাড় দেওয়া হচ্ছে। গ্রুপ পর্বে দেখা কার্ড আর নকআউট পর্বে হিসাবে ধরা হয় না। এবারের ইউরোতেও একই নিয়ম অনুসরণ করছে উয়েফা। কিন্তু চ্যাম্পিয়নস লিগে করা হয়নি। ফাইনালে ওঠা দুই দলই দাবি তুলেছে, চ্যাম্পিয়নস লিগেও নিয়মটি পরিবর্তন করা হোক।দুই দলই বলেছে, গ্রুপ পর্বের কার্ড নকআউট পর্বে আর হিসাব না করাই হবে সবচেয়ে ভালো। চেলসির কোচ রবার্তো ডি মাত্তেও বলছেন, ‘এটাই হতো আদর্শ। তারা হয়তো ভবিষ্যতে এই আইন নিয়ে ভেবে দেখবে। এই খেলোয়াড়েরা যে ফাইনাল খেলতে পারছে না, এটা সত্যিই হতাশার। দুই দলই নিজেদের সেরা দল নামাতে পারলে সেটাই হতো ভালো।’ বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘এই নিয়মগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। এটা পাল্টানোও উচিত। বিশ্বকাপে গ্রুপ পর্বের পর থেকে হলুদ কার্ডের হিসাব বাদ দেওয়া হয়। সেটা চ্যাম্পিয়নস লিগে হয় না। এটা আমাদের পাল্টাতে হবে। যদিও এখন আর এটা আমরা পাল্টাতে পারব না।’ফাইনালে এই সাত খেলোয়াড়কে ছাড়াই তাই নামতে হবে দুই দলকে। উয়েফা অবশ্য এরই মধ্যে একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। ফাইনালে চেলসি জিতলে অধিনায়ক হিসেবে টেরি কাপটি নিতে পারবেন। ওয়েবসাইট।