নিয়াজ আশাবাদী, ফেডারেশনে নৈরাশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গতবার হয়েছিল ৩৩তম। এবার দেখেন ৭০তম হয় কি না!’ দাবা ফেডারেশনের এক যুগ্ম সম্পাদকের কণ্ঠে হতাশার সুর। দাবা অলিম্পিয়াডে গতবার নিজেদের সবচেয়ে ভালো ফল করার পর এবার খারাপের শঙ্কা কেন বাংলাদেশ দাবা ফেডারেশনের?
কর্মকর্তারা বলেছেন, দাবাড়ুদের বেশির ভাগই ফর্মে নেই। গতবারও পরিস্থিতি এমনই ছিল। তাহলে দেশের দাবা ইতিহাসে সবচেয়ে ভালো ফল কী করে হলো? সহজ উত্তর, পাঁচ গ্র্যান্ডমাস্টার নিজেদের মধ্যকার দূরত্ব ভুলে প্রথমবারের মতো অলিম্পিয়াডে গিয়েছিলেন বলেই ওই ফল।
২০০২ দাবা অলিম্পিয়াডে ৩৪তম হওয়াটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। গতবার সেটিকে ছাপিয়ে ১৫৬টি দেশের মধ্যে ৩৩তম স্থান পায় বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে দুই ধাপ পেছনে ছিল ভারতের মতো দাবাসমৃদ্ধ দেশ। এ সাফল্য কাজে লাগিয়ে এবার আরও ভালো ফল পেতে ফেডারেশনের সুনির্দিষ্ট উদ্যোগ চোখে পড়ছে না।
উল্টো সম্ভাব্য ফল নিয়ে দুই পক্ষ দুই রকম ভাবছে! ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্তারা ধরে নিয়েছেন, এবার ফল খুব খারাপ হতে পারে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বলছেন, ফল ভালোই হবে।
নরওয়ের ট্রমসায় আগামী ১-১৫ আগস্ট বসছে দাবা অলিম্পিয়াডের ৪১তম আসর। সেখানে ফল কী হবে, তা নিয়েই যখন বেশি চিন্তাভাবনা হওয়া উচিত, তখন দল পাঠানোই বড় চ্যালেঞ্জ ফেডারেশনের কাছে। অলিম্পিয়াডে পুরুষ ও মহিলা দল পাঠাতে প্রয়োজনীয় ২৫-৩০ লাখ টাকা জোগাড় করার চিন্তাতেই বেশি আচ্ছন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। তিনি জানালেন, খেলোয়াড়দের ভাতা এবার বাড়িয়ে ৫০০ ইউরো করা হয়েছে। অতিরিক্ত টাকা পাওয়া গেলে বিদেশি কোচ আনা হবে, বললেন সাধারণ সম্পাদক।
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এ জায়গায় ফেডারেশনের ওপর চাপ কমাতে চান। অলিম্পিয়াডের প্রস্তুতি প্রশ্নে তাঁর কণ্ঠ বেশ শান্ত, ‘ফেডারেশনের কাজ দল ভালোভাবে পাঠানো। শেষ সময়ে যাতে কোনো ঝামেলা না হয়, ওটাই নিশ্চিত করুন তাঁরা।’ কিন্তু প্রশিক্ষণ বা প্রস্তুতির কী হবে?
নিয়াজের কথা, ‘আমাদের আর প্রশিক্ষণ কী! জিয়া-রাকিব ভালো ফর্মে আছে। আমিও অলিম্পিয়াডের আগে পুরোপুরি ফর্ম ফিরে পাব আশা করছি। রাজীবের ফর্ম একটু খারাপ যাচ্ছে, ওকে ম্যাচে খেলার সুযোগ দিতে হবে। সাগরের জন্যও ম্যাচ প্র্যাকটিসের দরকার। সেটা দিতে পারলে আশা করি অলিম্পিয়াডে গতবারের চেয়েও ভালো করব আমরা।’ উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার অলিম্পিয়াডে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য চান, ‘গতবার সুইস লিগ পদ্ধতিতে খেলা হওয়ায় দলীয়ভাবে আমরা লাভবান হয়েছি। কিন্তু খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স সর্বোচ্চ পর্যায়ে ছিল না।’
রিফাত ছাড়া বাকি চার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগর যাবেন এবারের অলিম্পিয়াডে। মোটামুটি সেরা দলই পাবে বাংলাদেশ। তার পরও গাজী সাইফুল তারেক অদৃষ্টবাদী, ‘এবার অলিম্পিয়াডে কী রেজাল্ট হয় আল্লাহই জানেন!’
কেন এতটা অদৃষ্টবাদী, সেই ব্যাখ্যাও দিলেন তিনি, ‘দলের সঙ্গে কে যাবে না যাবে সেটা খেলোয়াড়েরাই নির্ধারণ করতে চায়। আমরা যেন কেউই না। ভালো করার চিন্তা শুধু ফেডারেশনের থেকে তো লাভ নেই। খেলোয়াড়েরা কতটা আন্তরিক, তা নিয়ে চিন্তায় আছি।’
ফেডারেশনের কাছে খেলোয়াড়দের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ কেন তার সহজবোধ্য ব্যাখ্যা নেই। যদিও খেলোয়াড়েরা নিজেদের সেরাটাই দিতে চান। জিয়া কয় দিন আগে কলকাতায় নাইজেল শর্টকে হারিয়েছেন। পরশু দুবাই ওপেনে হয়েছেন ১৫তম। তাঁর রেটিং বেড়েছে সাত। জিয়া ফর্মে আছেন, নিয়াজও আছেন খেলার মধ্যে। খেলার জন্য ২৩ এপ্রিল তাঁর দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা। বাকিরা তুলনামূলক কম খেলছেন। অলিম্পিয়াডে ভালো করতে তাঁদের খেলার সুযোগ করে দেওয়াটাই বড় কাজ ফেডারেশনের। কিন্তু শুধু টাকা জোগাড়ের চিন্তা ঘুরছে ফেডারেশনের মাথায়!