নিয়াজ মোরশেদের ব্যতিক্রমী উদ্যোগ
ভারতের কিরণ মোহান্তি, ধ্যানি দেব ও শাহাজ গ্রোভার তাঁর ছাত্রছাত্রী। অনুরোধ করতেই একবাক্যে বাংলাদেশে খেলতে রাজি হয়েছেন তাঁরা। শুধু ভারত নয়, মালয়েশিয়া, ইরান, উজবেকিস্তান থেকেও আসছেন অনেক দাবাড়ু। তাঁদের নিয়েই এ মাসের মাঝামাঝি উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ শুরু করতে যাচ্ছেন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। বাংলাদেশের দাবাড়ুদের নর্ম বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগই বলতে হবে নিয়াজের এই উদ্যোগকে। নিয়াজের অনুপ্রেরণার উত্স হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ন্যাগি লাজলো। বুদাপেস্টে প্রতি মাসের প্রথম শনিবার হয়ে আসছে ‘ফার্স্ট স্যাটারডে’ দাবা টুর্নামেন্ট। সেখানে খেলে অন্য দেশের অনেক দাবাড়ুই তাঁদের কাঙ্ক্ষিত নর্ম অর্জন করে থাকেন। সে রকমই বাংলাদেশে নিয়াজ চালু করতে যাচ্ছেন ‘সিক্স সিজন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট’। প্রতি দুই মাস অন্তর এই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা তাঁর। আগামী ৮-১৪ মার্চ কক্সবাজারে প্যারাসুট অ্যাডভান্স মহিলা গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট হবে ওটারই প্রথম ধাপ। এই টুর্নামেন্টে ছেলে ও মেয়েরা খেললেও মেয়েদের নর্মের জন্যই আয়োজন। এতে মেয়েদের নর্ম বাড়বে এবং ছেলেদের রেটিং বাড়বে। বাংলাদেশ থেকে তনিমা পারভীন ও শামীমা আক্তার খেলবেন প্যারাসুট অ্যাডভান্স মহিলা গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে। নিয়াজের ধারণা, বাংলাদেশের মেয়েদের জন্য এই টুর্নামেন্টে নর্ম করা খুবই সহজ হবে। ১০ জনের এই টুর্নামেন্টে ৯ খেলায় ৭ পয়েন্ট লাগবে মহিলা গ্র্যান্ডমাস্টার্সের নর্ম পেতে। আন্তর্জাতিক মাস্টার্স নর্ম পেতে লাগবে ৫ পয়েন্ট। মেয়েদের টুর্নামেন্ট শেষ হলেই ঢাকায় শুরু হবে পুরুষ গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট। আগামী ১৫-২১ মার্চ চলবে এটি। এরই মধ্যে ৬ জন খেলোয়াড় নিবন্ধনও করেছেন। বাকি চারজন বাংলাদেশের হওয়ার সম্ভাবনাই বেশি। ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, উজবেকিস্তানের ইয়ুলদাশেভ সাইদালি ছাড়াও নিয়াজ মোরশেদ নিজে খেলবেন এই টুর্নামেন্টে।কাল এক সংবাদ সম্মেলনে নিয়াজ জানালেন, ‘আমাদের দেশে দীর্ঘদিন ধরে খেলোয়াড় তৈরির খরা চলছে। কোনো আন্তর্জাতিক মাস্টার নেই। এ জন্য ঘন ঘন টুর্নামেন্ট করতে হবে। ফেডারেশনকে বেশি দায়িত্ব না দিয়ে নিজেরাই এই উদ্যোগ নিতে হবে। আমার এই উদ্যোগ দেশের দাবাকে এগিয়ে নিতেই।’