নিয়াজের পর ফাহাদ
তিন বছর ধরেই জাতীয় দাবার বাছাইপর্ব খেলছে ফাহাদ রহমান। কিন্তু এবারই প্রথম চূড়ান্ত পর্বের টিকিট মিলল দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টারের। মাত্র ১২ বছর বয়সে এবারের জাতীয় দাবায় খেলবে ফাহাদ! বাংলাদেশে এর আগে ১৯৭৭ সালে মাত্র ১০ বছর বয়সে জাতীয় দাবার বাছাইপর্ব পেরিয়েছিলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
বাংলাদেশের দাবার উৎসমুখে প্রতিভাবান দাবাড়ু যেখানে বলতে গেলে প্রায় নেই, ফাহাদ একাই তরতর করে সিঁড়ি ভাঙছে। গত সেপ্টেম্বরে হয়েছে সাব-জুনিয়রে চ্যাম্পিয়ন, এরপর মালয়েশিয়ায় ষষ্ঠ সুয়েনসেন উন্মুক্ত র্যা পিড দাবার অনূর্ধ্ব-১২ বিভাগে সোনা জয়। ধারাবাহিকতা ধরে রেখে এবার জাতীয় দাবার বাছাইপর্বে লড়েছে সে সমানতালে। এগারো ম্যাচে ৬ জয়, ৪ ড্র,১ হারে ৮ পয়েন্ট পেয়ে তার চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া। প্রথমবারের মতো জাতীয় দাবায় খেলার সুযোগ মিলেছে সাইফুল ইসলামের। বাছাইপর্ব থেকে মোট নয়জন খেলবেন চূড়ান্ত পর্বে।
জাতীয় দাবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর ফিদে মাস্টার তৈয়বুর রহমান। তিনি পেয়েছেন ১১ খেলায় সাড়ে আট পয়েন্ট। জাতীয় দাবায় সরাসরি খেলার কথা দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব এবং এনামুল হোসেন রাজীবের। তবে এঁদের কেউ না খেললে অপেক্ষমাণ তালিকা থেকে ডাক পাবেন দাবাড়ুরা।