নিয়াজের বক্তব্যের প্রতিবাদ রাকিব-রাজীবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোর খেলার পাতায় অল্পস্বল্প বিভাগে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, তার কিছু প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছেন গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন (রাজীব)। প্রথম আলো অফিসে এসে দুজনই প্রথমে আপত্তি করেন নিয়াজের রাকিবকে নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে। নিয়াজ বলেছিলেন, ‘রাকিব শেয়ারবাজার নিয়ে আছে। সে অনেক টাকা আয় করছে শুনেছি। দাবা খেলে এত টাকা আয় করতে পারবে না সে।’ রাকিবের বক্তব্য, ‘দাবা খেলার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের আয়ের প্রশ্ন তোলা অনৈতিক। কারণ আমি টাকার জন্য দাবা খেলি না। আমি ও রাজীব দুজনই স্পেনে বেশ আয় করা যেত, এমন লিগে খেলার প্রস্তাব ফিরিয়েছিলাম দেশে খেলার জন্য।’কমিটি অপছন্দ হওয়ায় রাকিব-রাজীবের দাবা বন্ধ করার ব্যাপারটা সমর্থন করেননি নিয়াজ মোরশেদ। এ বিষয়ে রাকিবের বক্তব্য, ‘অপছন্দের সীমা ছাড়িয়ে যাওয়ায় বাধ্য হয়ে আমরা এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছি। গত কমিটিও আমাদের অপছন্দ ছিল। তার পরও আমরা খেলেছি। বরং নিয়াজ ভাই ১৯৯৩ সালের পর থেকে খেলতেন না বললেই চলে। শুধু দুই বছর পর পর সরাসরি অলিম্পিয়াডে যেতেন। আমি দাবা শুরু করার পর দীর্ঘদিন অপেক্ষায় থেকেছি, সরাসরি ওনাকে দেখব বলে।’নিয়াজ মোরশেদ বলেছিলেন, গত ১৩ বছরে একটা নতুন খেলোয়াড় আসেনি, দাবার ওটাই আসল সংকট। তখন এই খেলোয়াড়েরা খেলা বয়কট করলে তা যুক্তিগ্রাহ্য হতো। এই কথায় আপত্তি রাজীবের, ‘গত ১৩ বছরে নতুন কেউ না এলে আমরা কারা? এই সময়ে ৪ জন গ্র্যান্ডমাস্টার এসেছেন। এই সময় অলিম্পিয়াডে দেশের সেরা ফল হয়েছে, বিশ্বকাপে বাছাইপর্ব পার হয়ে একজন খেলোয়াড় গিয়ে দ্বিতীয় রাউন্ডে গেছেন।’এসব প্রসঙ্গে নিয়াজ মোরশেদের বক্তব্য জানা যায়নি। গতকালই তিনি মালয়েশিয়া গেছেন একটা টুর্নামেন্টে খেলতে।