নীরব কেন একাডেমি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা হচ্ছে মিরপুরের বিসিবি-সাহারা ক্রিকেট একাডেমি ভবনের কথা। এত কিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠলেও আসল যে উদ্দেশ্যে এই ভবন এবং ভবনসংলগ্ন মাঠটির প্রতিষ্ঠা, সে উদ্দেশ্যই যেন এখন মার খেতে বসেছে! ক্রিকেটারদের পদচারণে যে একাডেমি সব সময়ই মুখর থাকার কথা, সেটি এখন নির্জন, নিস্তরঙ্গ। একাডেমির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সেটাই যেন এখনো ঠিক করতে পারেনি বিসিবি। কখনো এখানে চলে বছরব্যাপী অনুশীলন ক্যাম্প। কখনো একাডেমি মানে জাতীয় দলের ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্র। আবার কখনো বা এটি বয়সভিত্তিক ক্রিকেটারদের পরিচর্যার জায়গাও। তবে আপাতত এসবের কিছুই হচ্ছে না এখানে।

শুরুতে একাডেমিতে দুই ধরনের কাজ হতো। ২৪ জনের একটা দল নিয়ে এক বছরের অনুশীলন ক্যাম্প চলত। সেই ক্যাম্প শেষ হতো কোনো একটা বিদেশি একাডেমি দলের বিপক্ষে সিরিজ খেলে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তানের একাডেমি দলের সঙ্গে এ রকম বেশ কয়েকটি সিরিজ হয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে এই তিন দেশের বোর্ডের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে চুক্তিও ছিল বিসিবির, যার কোনোটাই এখন নেই। ২৪ জনের অনুশীলন ক্যাম্পের পাশাপাশি তখন প্রয়োজনে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও একাডেমিতে পুনর্বাসন করতে আসতেন। গত এক-দেড় বছরে এই কাজটা খারাপ হয়নি, ক্যাম্প চলেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদেরও। কিন্তু ২৪ ক্রিকেটারকে নিয়ে বছরব্যাপী যে ক্যাম্প হতো, ছেদ পড়েছে সেই ধারায়।

এটির অবশ্য যৌক্তিক কারণও আছে। একাডেমির জন্য ২৪ জনের স্কোয়াড গড়ার সময়টাতেই খেলা পড়ে গেল অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং ‘এ’ দলের। অনূর্ধ্ব-২৩ দল গেল সিঙ্গাপুর সফরে। বাকি দুই দল ইংল্যান্ডে। একাডেমিতে আসতে পারে, এমন ক্রিকেটাররা তাই সফরেই ব্যস্ত হয়ে পড়ল। তা ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ হবে কি হবে না, সেই অনিশ্চয়তাও একটা কারণ ছিল।

তবে ২০১২ সালের আগস্টে আরেক অস্ট্রেলিয়ান কোচ রিচার্ড ম্যাকিন্স দায়িত্ব নেওয়ার পর একাডেমির অধীনে হাই পারফরম্যান্স ইউনিট নামে ২০-২২ জন ক্রিকেটারকে নিয়ে একটা অনুশীলন ক্যাম্প হয়েছে। দুই বছর মেয়াদে দ্বিতীয়বার বিসিবির চাকরি নিয়ে ম্যাকিন্স এর বাইরে মূলত দুটি কাজই করেছেন। কোচিং-সংক্রান্ত রূপরেখার উন্নয়ন এবং অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প চালানো। গত ফেব্রুয়ারি থেকে বেকার সময় কাটানো ম্যাকিন্সের চুক্তির মেয়াদ আগামী জুলাই পর্যন্ত থাকলেও তিনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন এ মাসেই।

প্রতিষ্ঠার পর থেকে একাডেমির কার্যক্রম সবচেয়ে বেশি প্রাণবন্ত ছিল অস্ট্রেলিয়ার রস টার্নার এটির প্রধান কোচ থাকাকালীন। কিন্তু ২০১১ সালের এপ্রিলে দায়িত্ব নিয়ে স্বাস্থ্যগত কারণে ওই বছরেরই অক্টোবরে চাকরি ছেড়ে চলে যান তিনি, যেটিকে একাডেমির জন্য বড় একটা ক্ষতি বলে মনে করেন অনেকে। মাঠের প্রশিক্ষণ ক্যাম্প ছাড়াও মাঠের বাইরের অনেক বিষয়েই খেলোয়াড়দের শিক্ষিত করে তোলার চেষ্টা ছিল টার্নারের স্বল্প সময়ে। আচার-আচরণ, সংবাদমাধ্যম সামলানো, ইংরেজি শিক্ষা, মেডিটেশনের মতো বিষয়ের ওপর ক্লাস নেওয়া হয়েছে নিয়মিত। জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা এসে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেছেন একাডেমির তরুণ ক্রিকেটারদের সঙ্গে।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ অবশ্য একাডেমিকে আবারও প্রাণবন্ত করে তোলার পরিকল্পনার কথা  শোনালেন কাল, ‘৩০-৪০ জন ক্রিকেটারকে নিয়ে এইচপি (হাই পারফরম্যান্স) ইউনিট করার পরিকল্পনা আছে। এইচপির অধীনে থাকবে ‘এ’ দল এবং একাডেমি দল। একাডেমির অধীনে আবার সারা দেশে ছড়িয়ে কাজ করবে আঞ্চলিক এইচপি সেন্টার। এতে করে সারা দেশের মেধাবী ক্রিকেটারদেরই আমরা একাডেমিতে নিয়ে আসতে পারব।’

ম্যাকিন্সের পর কে নেবেন একাডেমির দায়িত্ব? এ ব্যাপারে অবশ্য নতুন চিন্তা-ভাবনার কথাই শোনালেন মাহমুদ। দীর্ঘ মেয়াদে বিদেশি কোচ না এনে স্থানীয় কোচদের দায়িত্ব দিয়ে সময়ে সময়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের জন্য বিশেষজ্ঞ কোচ আনার পক্ষে তিনি।