নীরব কেন ওঁরা তিন
তাঁদের নিয়ে স্বপ্ন ছিল আকাশছোঁয়া। ঘোর বিরোধীরা যখন শেষ আটের গেরো আলবিসেলেস্তেরা কাটাতে পারবে না বলে চায়ের কাপে ঝড় তুলছিলেন, তখন আকাশি-নীল সমর্থকেরা জানিয়ে দিচ্ছিলেন মাঠে তাঁদের হয়ে জবাব দেবেন লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো আর অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিয়ে সাজানো আর্জেন্টিনার ‘চমৎকার চতুষ্টয়’। হ্যাঁ, আলবিসেলেস্তের আক্রমণভাগ যে ব্রাজিল বিশ্বকাপের অন্যতম সেরা, তা নিয়ে বিশ্বকাপের পর্দা ওঠার আগে নিঃসন্দেহ ছিল মোটামুটি সবাই।
তবে গ্রুপপর্যায়ের প্রথম দুই ম্যাচের চিত্র সম্পূর্ণ বিপরীত। বিশ্বকাপের ড্রয়ের পর যাঁরা ভেবেছিলেন বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়াকে নিয়ে ছেলেখেলা করবে আর্জেন্টিনার আক্রমণভাগ, তাঁদের বিস্মিত করেছে প্রথম দুই দল। বসনিয়ার সঙ্গে আর্জেন্টিনার দুই গোলের প্রথমটি ছিল আত্মঘাতী, দ্বিতীয়টি ছিল মেসির জাদু। ইরানের সঙ্গে তো গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিট পর্যন্ত, ত্রাণ মেসির আরেকটি অসাধারণ গোলে।
সদ্য সমাপ্ত ফুটবল মৌসুমে নিজ নিজ ক্লাবের হয়ে মেসি, হিগুয়েইন, আগুয়েরো ত্রয়ীর মিলিত গোলসংখ্যা ৯৩। রিয়ালের হয়ে ডি মারিয়ার ১১ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৬টি। বিশ্বকাপ বাছাইয়ে আলবিসেলেস্তের হয়ে মেসির গোল ১০টি, হিগুয়েইনের ৯, আগুয়েরোর ৫।
তবু কেন প্রথম দুই ম্যাচে হিগুয়েইন, আগুয়েরো, ডি মারিয়াদের প্রাপ্তির খাতাটা শূন্য? এটা ঠিক, বসনিয়া আর ইরান রক্ষণাত্মক খেলেছে, তবে পুরো নম্বর তাদের দিতেই হবে ‘হোমওয়ার্কে’র জন্য। মেসি আর ডি মারিয়াকে আটকাতে পারলে আর্জেন্টিনার সিংহভাগ আক্রমণ রুখে দেওয়া সম্ভব, এটা তারা ধরতে পেরেছে। মেসির পায়ে বল গেলেই তিন-চারজন ঘিরে ধরেছেন তাঁকে, ফলে নিজের খেলা খেলতে পারেননি চারবারের ব্যালন ডি’অর বিজয়ী। ১৮০ মিনিটে অল্প যে কয়বার নিজের খেলার মতো জায়গা বানাতে পেরেছেন, তা থেকেই এসেছে দুই গোল।
ডি মারিয়াও ছিলেন বিচ্ছিন্ন। ফিফা ডটকমের পরিসংখ্যান অনুযায়ী দলের সৃষ্টিশীলতার উৎস ইরানের সঙ্গে ম্যাচে পাস দিয়েছেন ৬৪টি, যার মাত্র ৬২ শতাংশ তাঁর সতীর্থকে খুঁজে পেয়েছে। হিগুয়েইন বা আগুয়েরোর অবস্থা আরও খারাপ। ৭৮ মিনিট খেলে নাপোলির স্ট্রাইকার সঠিক পাস দিয়েছেন মাত্র ১০টি আর ম্যানচেস্টার সিটি তারকা তার থেকে দুটো বেশি।
ডি মারিয়া যদিও এ নিয়ে উদ্বিগ্ন নন, ‘প্রতিপক্ষ যখন চূড়ান্ত রক্ষণাত্মক খেলে, এতজন ডিফেন্ডারকে পরাস্ত করা খুব দুরূহ হয়ে পড়ে। কিন্তু শেষ আটে তো আমরা আক্রমণ করবে এমন দলের সঙ্গেই খেলব। আমরা সেটাই চাই, এমন দলের বিপক্ষেই আমরা আমাদের নিজেদের খেলাটা খেলতে পারি। আমি মনে করি, আমরা অসাধারণ খেলছি। বিশ্বকাপ জিততে হলে এমন অনেক ম্যাচ কষ্ট করে জিততে হয়। জয়টা কীভাবে এল সেটা মুখ্য নয়।’
হল্যান্ড, চিলি বা ফ্রান্সের মতো প্রাণবন্ত খেলা দিয়ে মন ভরাতে পারেনি আর্জেন্টিনা এটা ঠিক, সঙ্গে এটাও ঠিক যে তাদের প্রতিপক্ষ ইরান বা বসনিয়ার মতো রক্ষণাত্মক ফুটবল খেলেনি। এটাও ঠিক, প্রথম দুই ম্যাচই জিতেছে আর্জেন্টিনা, নামের পাশে আছে পূর্ণ ছয় পয়েন্ট। ‘জেতো, তবে দয়া করে বড় ব্যবধানে জেতো’—ম্যারাডোনার দেশে ফুটবলকে দেখা হয় এভাবেই। প্রথম শব্দটি ঠিক আছে, কিন্তু পরের শব্দগুলোকে বাস্তবে রূপ দিতে হলে ‘চমৎকার চতুষ্টয়’কে আজ থেকে উদ্যোগী হতেই হবে।