নীরবতা ভাঙলেন ফার্গুসন
চারদিকে জোর গুঞ্জন—ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়েইন রুনির দিন শেষ! কোচ অ্যালেক্স ফার্গুসন বা রুনি কেউই এত দিন মুখ খোলেননি। তবে আজ শুক্রবার নীরবতা ভাঙলেন ফার্গুসন।ফার্গুসনের দাবি, গণমাধ্যমের গুঞ্জনটা ঠিক নয়। আগামী বছরও ওল্ড ট্র্যাফোর্ডেই থাকবেন রুনি। আজ এক সংবাদ সম্মেলনে ম্যানইউ কোচ বলেন, ‘আগামী বছরও রুনি এখানেই থাকবে। এ ব্যাপারে আপনারা আমার বক্তব্য পেয়ে গেছেন।’গত পরশু রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম একাদশ ঘোষণার সময়ই অনেকের চোখ উঠে গিয়েছিল কপালে। চ্যাম্পিয়নস লিগে বাঁচা-মরার ম্যাচ, আর রুনি কিনা বেঞ্চে! ম্যাচের ৭৩ মিনিটে তাঁকে বদলি হিসেবে নামানোর পরই শুরু হয় গুঞ্জন। তা হলে ম্যানইউয়ে রুনির দিন শেষ হয়ে গেল!২০১০ সালে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চেয়েছিলেন রুনি। এ নিয়ে অনেক টানাপোড়েন শেষে নতুন চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। সেই চুক্তির মেয়াদ আছে আরও দুই বছর। তবে গণমাধ্যমের খবর, রুনিকে আর রাখতে চায় না ম্যানচেস্টার ইউনাইটেড। বলা হচ্ছে, ফার্গুসনের সঙ্গে রুনির সম্পর্কটাও আগের মতো নেই।রুনির ভবিষ্যত্ নিয়ে চলা গুঞ্জনে জল ঢেলে দিয়ে ফার্গুসন বলেন, ‘রোববার চেলসির বিপক্ষে খেলবে রুনি। এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওর সঙ্গে আমার কোনো বিবাদ হয়নি। অনুশীলনে আমরা একে অপরের সঙ্গে কথা বলি না, এ ধরনের খবর পুরোপুরি মিথ্যা।’রয়টার্স।