নীরবতা ভাঙলেন রুনি

অবশেষে মুখ খুললেন ওয়েইন রুনি। সোমবার চেলসির বিপক্ষে মর্যাদার লড়াইয়ে সমর্থকদের উষ্ণ সমর্থনে আপ্লুত এই ইংলিশ স্ট্রাইকার। নিজের ফেসবুক স্ট্যাটাসে এ জন্য সেই আবেগ ছড়িয়ে দিয়েছেন সবার মধ্যে। তিনি জানিয়েছেন, তাঁকে ঘিরে, দলকে ঘিরে সমর্থকদের যে উন্মাদনা, সেটা কখনোই ভোলার নয়।
চেলসির বিপক্ষে দারুণ খেলা রুনি মঙ্গলবারই ইউনাইটেডে থেকে যাওয়ার সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন। অথচ কিছুদিন আগেও ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যাওয়ার কী প্রাণান্ত চেষ্টাই না চালিয়েছেন! আপাতত দলত্যাগের ব্যাপারটি মাথা থেকে সরিয়ে দিয়েছেন তিনি। তাঁর এই মতের বদল যে সমর্থকদের ভালোবাসা থেকে, সেটা তিনি তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন আবেগি ভাষাতেই, ‘ভালোবাসার একটা বিশেষ মূল্য আছে। আমি সমর্থকদের ভালোবাসাকে স্বাগত জানাচ্ছি।’
ইউনাইটেডে থেকে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলায় কাল বুধবারই ক্লাব কর্তৃপক্ষ রুনির সঙ্গে নতুন করে চুক্তির বিষয়ে ভাবতে শুরু করেছে। আপাতত রুনির সঙ্গে কথা বলবেন ক্লাবের প্রধান নির্বাহী এডওয়ার্ড উডওয়ার্ড। রুনির পুরোনো চুক্তি অবশ্য এখনো শেষ হতে বাকি এক বছর। তবে চেলসির বিপক্ষে তাঁর যে পারফরম্যান্স, তাতে ম্যানচেস্টার ইউনাইটেড রুনির সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছে বলে জানা গেছে।
ক্লাবের প্রতি রুনির নতুন করে জাগা ভালোবাসা যদি হয় দর্শকদের কারণে, তাহলে রুনির ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষের মত পাল্টানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোচ ডেভিড ময়েস। চেলসির বিপক্ষে ম্যাচে ২৭ বছর বয়সী এই তারকা দুর্দান্ত নৈপুণ্যে চারদিক আলোকিত করার পরপরই ময়েস রুনির নতুন চুক্তির ব্যাপারে রাজি করান ক্লাবকে। সূত্র: ওয়েবসাইট।