নীরবতা ভাঙলেন শচীন
আইপিএলে তিন ভারতীয় ক্রিকেটারের স্পট ফিক্সিং কেলেঙ্কারি। এরপর গ্রেপ্তার, রিমান্ড। গ্রেপ্তার হয়েছেন একটি ফ্র্যাঞ্চাইজির প্রধান, বলিউডের একজন অভিনেতা ও বেশ কয়েকজন জুয়াড়ি। সার্বিক পরিস্থিতিতে টালমাটাল আইপিএল। বিব্রত ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দুই সপ্তাহ ধরে এত কিছু চললেও মুখ খুলছিলেন না শচীন টেন্ডুলকার।এনডিটিভির খবর, দুই সপ্তাহ পর নীরবতা ভাঙলেন লিটল মাস্টার। আজ শুক্রবার এক বিবৃতিতে শচীন জানিয়েছেন, এ ঘটনায় তিনি নিদারুণ ব্যথিত ও হতাশ। একই সঙ্গে ফিক্সিংয়ের শিকড় উত্পাটনের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তিনি।‘ক্রিকেট যখন ভুল কারণে সংবাদ হয়, সব সময় আমি ব্যথিত হই। দুই সপ্তাহ ধরে যা হলো, তা আমাকে ব্যথিত ও হতাশ করেছে। ক্রিকেটার হিসেবে আমাদের শেখানো হয় কীভাবে লড়তে হয়, সেরাটা দিতে হয় এবং কীভাবে ক্রিকেটের মর্যাদা রক্ষা করতে হয়।’ বিবৃতিতে বলেছেন শচীন।আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক বলেন, ‘ফিক্সিংয়ের শিকড় উত্পাটনের জন্য কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ক্রিকেটারদের প্রতি কোটি কোটি সমর্থকের বিশ্বাসের সুবিচার করতে হবে।’শচীন টেন্ডুলকারের এই বিবৃতি যথেষ্ট গুরুত্ব বহন করে। কারণ, ভারতীয় ক্রিকেটে এত বড় একটা ধাক্কা লাগার পরও তারকা ক্রিকেটারদের কেউই মুখ খুলছিলেন না। গতকাল পর্যন্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে গিয়ে ইংল্যান্ডে এক সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিইনি, আপনাদেরও জবাব দেওয়ার কোনো কারণ নেই। সঠিক সময় এলেই আমি এ নিয়ে কথা বলব।’চোখ ধাঁধানো অর্থের আইপিএলকে গত রোববার বিদায় জানিয়েছেন ৪০ বছর বয়সী শচীন। সেটা অবশ্য সাম্প্রতিক ফিক্সিং বিতর্কের জের ধরে নয়, নিজের বয়সের কারণে। মুম্বাই ইন্ডিয়ানস প্রথমবারের মতো আইপিএল শিরোপার স্বাদ পাওয়ার পরই লিটল মাস্টার জানিয়ে দেন, এটাই তাঁর শেষ আইপিএল। আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ১৬ মে ভোরে রাজস্থান রয়্যালসের তিন ভারতীয় ক্রিকেটার—শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। ফিক্সিং কেলেঙ্কারি অবশ্য এখন শুধু তিন ক্রিকেটার আর জুয়াড়িদের মধ্যেই সীমাবদ্ধ নেই; ডালপালা ছড়াচ্ছে প্রতিনিয়ত। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার আসাদ রউফের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন বলিউডের অভিনেতা বিন্দু দারা সিং। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে চেন্নাই সুপার কিংসের প্রধান গুরুনাথ মায়াপ্পনকে। এই মায়াপ্পন আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাতা। এ অবস্থায় শ্রীনিবাসনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে।