নীরবে ঢাকা ছাড়লেন বাফুফের কোচ
বাফুফের ডাচ গোলরক্ষক কোচ কিস কালেকর ঢাকা ছাড়া নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। কথা ছিল, যুবদলের সঙ্গে তিনি ইরাকে যাবেন। চুক্তি শেষ হয়ে যাওয়ায় ইরাক থেকেই দেশে ফেরার কথা ছিল গোলরক্ষক কোচের। কিন্তু শেষ মুহূর্তে নিজের স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি ইরাক যাননি।
শোনা যাচ্ছে, বাফুফের সঙ্গে বেতন নিয়ে বিরোধ বাধাই তাঁর ইরাক না যাওয়ার বড় কারণ। যুবদল ইরাক যাওয়ার পরদিনই তিনি নীরবে ঢাকা ছাড়েন। বাফুফের দায়িত্বশীল কর্মকর্তারা তা অবশ্য নাকচ করে দিচ্ছেন। সভাপতি কাজী সালাউদ্দিনের ভাষ্য, ‘না, না, ওই রকম কিছু নয়। কাল্ক বাফুফেকে বলেই হল্যান্ড ফিরে গেছেন। তাঁর চুক্তির মেয়াদ শেষ। আমরা আর সেটি নবায়ন করিনি। ’
ওদিকে বাফুফের ফিটনেস ট্রেনার ইয়ামালি মোহাম্মেত ইরাক থেকেই হল্যান্ড ফিরে গেছেন। তাঁর সঙ্গে বাফুফের চুক্তি শেষ হয়ে গিয়েছিল সাফ ফুটবলের পরই। চুক্তি নবায়ন না করায় ইয়ামালির দীর্ঘমেয়াদে কাজ করা হলো না বাংলাদেশে।