নীরবে শুরু বিবর্ণ অ্যাথলেটিকস
শারীরিক শিক্ষা কোর্সের ফাইনাল পরীক্ষার কারণে ভালো অনুশীলন হয়নি। ফিটনেস খুব একটা নেই। তাই গতকাল শুরু হওয়া ৩৮তম জাতীয় অ্যাথলেটিকসে ১০০ ও ২০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করছেন না দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার (বিউটি)। প্রথম দিনে বিজেএমসির হয়ে শুধু ৪–১০০ মিটার রিলেতে দৌড়ালেন বিউটি, দলকে জিতিয়েছেন সোনা।
বড় দুটি ইভেন্টে না খেলা মানে বিউটি ইতি টানছেন? টানা নয়বারের দ্রুততম মানবী বললেন, ‘যত দিন ফিট থাকব, তত দিন খেলব।’ তবে এবার বিউটি আকর্ষণীয় দুটি ইভেন্টে না খেলায় প্রতিযোগিতা হয়ে পড়েছে আগের চেয়েও বিবর্ণ।
এমনিতেই সাম্প্রতিক বছরগুলোয় জাতীয় অ্যাথলেটিকস মানেই দায়সারা আয়োজন। তার ওপর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম না পাওয়ায় প্রতিযোগিতা হচ্ছে আর্মি স্টেডিয়ামে। কোনো প্রচার নেই। দায়সারা এক আয়োজন।
তবে অ্যাথলেটরা এই প্রতিযোগিতার জন্য সারা বছরই অপেক্ষায় থাকেন। সেই অপেক্ষা ফুরোনোর মঞ্চে ছেলেদের ২০০ মিটার সিপ্রন্টে নজর কাড়লেন নৌবাহিনীর মেজবাহ আহমেদ। বিকেএসপির সাবেক ছাত্র বর্তমানে দেশের দ্রুততম মানব। ২০০ মিটারে জুনিয়রে দুবার সোনা জিতেছেন। সিনিয়রে এবারই প্রথম। বাগেরহাটের তরুণ কাল সময় নিয়েছেন ২১.৭৬ সেকেন্ড।
বিউটিহীন মেয়েদের ২০০ মিটারে সোনা জিতেছেন সাতক্ষীরার মেয়ে শিরিন আক্তার। বিকেএসপির ছাত্রী সময় নেন ২৪.৯০ সেকেন্ড। এই ইভেন্টে বাংলাদেশ গেমসে সোনাজয়ী জাকিয়া সুলতানা এদিন দ্বিতীয় হয়েছেন। সম্প্রতি হকি খেলোয়াড় শেখ নান্নুর সঙ্গে বিয়ে হয়েছে তাঁর, ট্র্যাকের বদলে এখন ঘরসংসার সামলাতেই ব্যস্ত বিজেএমসির অ্যাথলেট।
১.৬০ মিটার উচ্চতা পেরিয়ে হাইজাম্পে সোনা জিতেছেন বিকেএসপির প্লাবনী হক। ২০১০ জাতীয় অ্যাথলেটিকসে দূরপাল্লার দৌড়ে সোনা জিতে সাড়া ফেলা আমির আলী গত দুই বছর যেন হারিয়ে গিয়েছিলেন। আবারও ট্র্যাকে ফিরে কাল ৫০০০ মিটারে পেয়েছেন ব্রোঞ্জ।
বছর খানেক আগে কানাডায় পাড়ি জমিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশন সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শুধু নামেই আছেন। প্রতিযোগিতার পুরস্কারের জন্য দেওয়া সার্টিফিকেটে ইব্রাহিম চেঙ্গিসের পুরোনো সই। অদ্ভুত ব্যাপার!